‘আমরা নারী’ ও এরিস্টো আই হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি

নারীর স্বাস্থ্য সুরক্ষা ও জনস্বাস্থ্যসেবার প্রসারে যৌথভাবে কাজ করার লক্ষ্যে সামাজিক সংগঠন ‘আমরা নারী’ এবং বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘এরিস্টো আই হাসপাতাল’-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ‘আমরা নারী’র নিবন্ধিত সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা হাসপাতালটির নির্ধারিত বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক সুবিধা পাবেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর মিরপুর রোডে অবস্থিত এরিস্টো আই হাসপাতালের নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
‘আমরা নারী’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান (বিপ্লব)। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সেক্রেটারি (লিগ্যাল অ্যাডভোকেসি) ব্যারিস্টার ফারজানা আওয়াল তটিনী এবং সেক্রেটারি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) ডা. রাকিবুল হাসান মুরাদসহ অন্যান্য প্রতিনিধিরা।
অন্যদিকে, এরিস্টো আই হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী প্রফেসর মেজর জেনারেল (অব.) ডা. কামরুল হাসান খান। এ ছাড়া হাসপাতালটির হেড অব অপারেশন্স প্রফেসর ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুহাম্মদ দেলোয়ার হোসাইন এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আনামুল হক অনুষ্ঠানে অংশ নেন।
স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, ‘আমরা নারী’র নিবন্ধিত সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা এরিস্টো আই হাসপাতালের নির্ধারিত বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা পাবেন। এর মাধ্যমে সদস্যদের জন্য মানসম্মত চক্ষু চিকিৎসা আরও সহজলভ্য করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা প্রদানের পাশাপাশি চক্ষুস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বাড়াতেও যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। চোখের রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে ধারণা দেওয়া, সময়মতো রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যশিক্ষা বিস্তারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, নারী ও শিক্ষার্থীসমাজ এবং বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্মে চক্ষুস্বাস্থ্যবিষয়ক সেমিনার, মতবিনিময় সভা ও স্বাস্থ্যশিক্ষামূলক কার্যক্রম আয়োজন করা হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জনকল্যাণমূলক উদ্যোগও নেওয়া হবে। চোখের রোগ নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করা এবং সময়মতো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব তুলে ধরবে প্রতিষ্ঠান দুটি।
উল্লেখ্য, ‘আমরা নারী’র সহযোগী প্রতিষ্ঠান ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ দীর্ঘদিন ধরে নারীর অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ খাদ্য ও টেকসই সামাজিক উন্নয়ন নিয়ে গবেষণা, জনসচেতনতা এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নারী, তরুণ প্রজন্ম ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও সচেতন সমাজ গঠনে কাজ করছে সংগঠনটি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, ‘আমরা নারী’ ও এরিস্টো আই হাসপাতালের এ অংশীদারিত্ব শুধু চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে চক্ষুস্বাস্থ্য সচেতনতা, প্রতিরোধমূলক স্বাস্থ্যশিক্ষা এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য করতেও ভূমিকা রাখবে এ উদ্যোগ। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের সুযোগ তৈরি হবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।
‘আমরা নারী’র এ বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা পেতে আগ্রহী নারী-পুরুষ নির্বিশেষে যেকোনো নাগরিক সংগঠনটির ওয়েবসাইট www.aamranari.org-এ প্রবেশ করে ‘জেনারেল’ বা সাধারণ সদস্য হিসেবে বিনামূল্যে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধিত সদস্যরা সমঝোতা স্মারকে নির্ধারিত শর্ত ও সুবিধা অনুযায়ী নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও এরিস্টো আই হাসপাতালের বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
দুই প্রতিষ্ঠানের প্রত্যাশা, মানবিক মূল্যবোধ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও পারস্পরিক সহযোগিতার সমন্বয়ে এ উদ্যোগ দেশের নারী, পরিবার, শিক্ষার্থীসহ বৃহত্তর জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
ভোরের আকাশ/জেআ