২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬০৮

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন।
শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৩৬৯ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে দুজন করে এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী।
তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৭২ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এ ছাড়া শুধু সেপ্টেম্বর মাসেই সারা দেশে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।
ভোরের আকাশ/জেআ