স্বাস্থ্য প্রশাসন

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৫

ছবি: সংগৃহীত

হামে আক্রান্ত হয়ে দেশে শিশুমৃত্যু যেন কমছেই না। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ২ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৯ শিশু। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে শুক্রবার (২২ মে) এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৮৫ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৪১৪ জনের।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩২৯ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৬০ হাজার ৫৪০ জন।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বিভাগটিতে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২১০ জনের এবং আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ২১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের এ হিসাব ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২২ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৫ | স্বাস্থ্য কথা