স্বাস্থ্য প্রশাসন

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৩ জনে। সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে শুধু সিলেট বিভাগেই ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট ২ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৬৯৮ জন এবং হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯৫ জনের।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৪৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯২২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

এ নিয়ে ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ১৮ হাজার ৫৭০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ১৪ হাজার ৫৭৮ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ১ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ৫৩২ জন।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু | স্বাস্থ্য কথা