২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন : ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

ছবি: সংগৃহীত
সারা দেশে আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর প্রথম রাউন্ড। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এবার মোট ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
বৃহস্পতিবার (২৬ জুন) সচিবালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর প্রথম রাউন্ড উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
তিনি বলেন, প্রতিবছর দুই দফায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হয়। আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে।
প্রতিমন্ত্রী জানান, নির্ধারিত দিনে কোনো কারণে কোনো শিশু ক্যাপসুল গ্রহণ থেকে বাদ পড়লে পরদিন উপজেলা পর্যায়ে তাকে ক্যাপসুল খাওয়ানো হবে। আর দুর্গম এলাকাগুলোতে পরবর্তী চার দিন পর্যন্ত এ কার্যক্রম চলবে।
তিনি আরও বলেন, সারা দেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল সরবরাহের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য ১ লাখ ২০ হাজার কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি লঞ্চঘাট, ফেরিঘাট, রেলস্টেশন ও বাসস্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৫০০টি মোবাইল কেন্দ্র স্থাপন করা হয়েছে।
ডা. এম এ মুহিত বলেন, ১৯৯৫ সালে দেশে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু হয়। শুধু অন্ধত্ব প্রতিরোধ বা অপুষ্টি কমানো নয়, শিশু মৃত্যুহার কমাতেও ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে ৬ মাসের কম বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয় না, কারণ তারা মায়ের বুকের দুধ থেকে প্রয়োজনীয় পরিমাণ ভিটামিন ‘এ’ পেয়ে থাকে।
তিনি জানান, আগামী ২৮ জুন শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হবে। এ বছরের দ্বিতীয় রাউন্ড আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
ভোরের আকাশ/সু.পা



