বিশেষ

৫০ বছরের কম বয়সীদের মধ্যে বাড়ছে ক্যানসার, ঝুঁকি এড়াতে পাঁচ করণীয়

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে তরুণ ও মধ্যবয়সীদের মধ্যে ক্যানসারের প্রকোপ বাড়তে থাকায় উদ্বেগ তৈরি হয়েছে বিজ্ঞানীদের মধ্যে। বিশেষ করে ৫০ বছরের কম বয়সীদের মধ্যে অন্ত্র, স্তন, প্রোস্টেট, কিডনি, জরায়ু, অগ্ন্যাশয় ও যকৃতের ক্যানসার বাড়ছে। খাদ্যাভ্যাসের পরিবর্তন, স্থূলতা, বায়ুদূষণ ও দীর্ঘমেয়াদি প্রদাহকে এর সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন গবেষকেরা। তবে ঠিক কোন বিষয়টি এই প্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওয়ার্ল্ড ক্যানসার রিসার্চ ফান্ডের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ইংল্যান্ডে ২০ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে অন্তত সাত ধরনের ক্যানসারের প্রকোপ বেড়েছে। বিশেষ করে ২০০১ সালের পর থেকে ৫০ বছরের কম বয়সীদের মধ্যে প্রোস্টেট ক্যানসার শনাক্তের হার প্রায় চার গুণ বেড়েছে। এ ছাড়া অন্ত্র, কিডনি ও জরায়ুর ক্যানসারের হার বেড়েছে দ্বিগুণেরও বেশি।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ক্যানসার মেডিসিনের অধ্যাপক ও ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটের ক্লিনিক্যাল ডিরেক্টর চার্লস সোয়ানটন সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন।

ফুসফুসের ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক সোয়ানটন জানান, কম বয়সীদের মধ্যে ক্যানসার বৃদ্ধির পেছনে জটিল ও বহুমুখী কারণ রয়েছে। এমনকি একই ধরনের ক্যানসারের ক্ষেত্রেও কারণ ভিন্ন হতে পারে। ক্যানসার কীভাবে তৈরি হয়, সময়ের সঙ্গে বিবর্তিত হয় এবং চিকিৎসার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, তা নিয়েই মূলত তাঁর গবেষণা।

তরুণদের মধ্যে ক্যানসার বৃদ্ধির সম্ভাব্য কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আধুনিক রোগ শনাক্তকরণ ব্যবস্থার উন্নতির ফলে এখন আগের তুলনায় বেশি রোগী শনাক্ত হচ্ছেন। এ ছাড়া দেরিতে সন্তান নেওয়া, কম সন্তান নেওয়া এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে মেয়েদের কম বয়সে ঋতুস্রাব শুরু হওয়ার মতো জৈবিক বিষয় স্তন ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। অন্যদিকে, স্থূলতাকে অন্ত্র, যকৃত ও অগ্ন্যাশয়ের ক্যানসারের অন্যতম বড় ঝুঁকি হিসেবে দেখছেন তিনি।

অধ্যাপক সোয়ানটন জানান, ২০০৪ সালে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরুর দিকে তিনি একটি ব্যতিক্রমী অনুসন্ধান চালিয়েছিলেন। আগের পাঁচ বছরের চিকিৎসা নথি ঘেঁটে ৫০ বছরের কম বয়সীদের মধ্যে কতজনের অন্ত্রের ক্যানসার শনাক্ত হয়েছিল, তা জানার চেষ্টা করেন। দীর্ঘ অনুসন্ধানের পর তিনি ৫০টিরও কম রোগীর তথ্য পেয়েছিলেন।

কিন্তু সময়ের ব্যবধানে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। একসময় যে বয়সী রোগীদের খুঁজে পেতে তাঁকে দীর্ঘ সময় ব্যয় করতে হতো, এখন প্রায় প্রতি সপ্তাহেই কম বয়সী অন্ত্রের ক্যানসার রোগীর খবর পাচ্ছেন তিনি।

তবে এসব পরিসংখ্যান দেখে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। তাঁর ভাষ্য, কম বয়সীদের মধ্যে অন্ত্রের ক্যানসারের হার প্রতি এক লাখে চারজন থেকে বেড়ে আটজনে দাঁড়িয়েছে। অন্যদিকে, বয়স্ক ধূমপায়ীদের মধ্যে ফুসফুসের ক্যানসারের হার প্রতি এক লাখে প্রায় ৩০০ জন।

ক্যানসারের কারণ নিয়ে সাম্প্রতিক গবেষণায় নতুন একটি তত্ত্ব সামনে এসেছে। আগে ধারণা করা হতো, কোষের ডিএনএতে পরিবর্তন বা মিউটেশনের ফলেই মূলত ক্যানসার সৃষ্টি হয়। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে, ৬০ বছরের বেশি বয়সী সুস্থ মানুষের শরীরেও ক্যানসারের সঙ্গে সম্পর্কিত মিউটেশনযুক্ত কোটি কোটি কোষ থাকতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এসব কোষের সংখ্যাও বাড়ে। তবে সব ক্ষেত্রে সেগুলো টিউমারে রূপ নেয় না।

বিজ্ঞানীদের ধারণা, শরীরের দীর্ঘমেয়াদি প্রদাহ বা ইনফ্লামেশন এসব সুপ্ত কোষকে সক্রিয় করে ক্যানসারে রূপান্তরিত করতে ভূমিকা রাখতে পারে। যদিও প্রক্রিয়াটি এখনো পুরোপুরি স্পষ্ট নয়, তবে এর পেছনে বায়ুদূষণের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে বলে মনে করছেন গবেষকেরা।

২০২৩ সালে নেচার সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় বিষয়টি আরও স্পষ্টভাবে উঠে এসেছে। গবেষণায় দেখা যায়, যেসব টিস্যুতে আগে থেকেই ক্যানসারসংশ্লিষ্ট জিনগত পরিবর্তন রয়েছে, বায়ুদূষণ সেসব স্থানে প্রদাহ সৃষ্টি করে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

বায়ুদূষণের পাশাপাশি দৈনন্দিন জীবনযাপনও ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। অতিরিক্ত ওজন, ধূমপান ও নিয়মিত অ্যালকোহল পান শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করে। এ ছাড়া অতিপ্রক্রিয়াজাত খাবারের মতো অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অন্ত্রে দীর্ঘমেয়াদি প্রদাহ তৈরি করতে পারে বলে বিভিন্ন গবেষণায় প্রমাণ পাওয়া যাচ্ছে।

২০২৫ সালে নেচার সাময়িকীতে প্রকাশিত আরেকটি গবেষণায় দেখা গেছে, শৈশবে ই. কোলাই নামের একধরনের ব্যাকটেরিয়ার সংস্পর্শে এলে তা থেকে নিঃসৃত কোলিব্যাকটিন টক্সিন ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে। ৭০ বছরের বেশি বয়সী রোগীদের তুলনায় ৪০ বছরের কম বয়সী অন্ত্রের ক্যানসার রোগীদের মধ্যে এ ধরনের ক্ষতির চিহ্ন তিন গুণ বেশি পাওয়া গেছে।

এ ছাড়া ২৯ হাজার নারীর ওপর পরিচালিত আরেক গবেষণায় দেখা গেছে, যারা বেশি পরিমাণে অতিপ্রক্রিয়াজাত খাবার খান, তাদের অন্ত্রে পলিপ বা টিউমার হওয়ার ঝুঁকি ৪৫ শতাংশ বেশি।

এদিকে ক্যানসার রিসার্চ ইউকে বলছে, প্রজন্মগত পরিবর্তনের প্রভাবেরও প্রমাণ পাওয়া যাচ্ছে। আশির ও নব্বইয়ের দশকে জন্ম নেওয়া ব্যক্তিদের আগের প্রজন্মের তুলনায় কম বয়সে অন্ত্রের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

অধ্যাপক সোয়ানটনের মতে, মানুষের চারপাশের পরিবেশ কিংবা দৈনন্দিন জীবনযাত্রায় নিশ্চয়ই বড় ধরনের পরিবর্তন এসেছে। তবে ঠিক কোন বিষয়টি ক্যানসারের এই প্রবণতা বৃদ্ধির জন্য দায়ী, তা শনাক্ত করা বিজ্ঞানের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ, গতকাল কী খাওয়া হয়েছে, সেটিই অনেক সময় মনে রাখা কঠিন। সেখানে ১৩ বছর বয়সে কী খাওয়া হয়েছিল, তা মনে করা প্রায় অসম্ভব।

ক্যানসারের ঝুঁকি কমাতে পাঁচটি পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ।

প্রথমত, ধূমপান সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। একই সঙ্গে ভ্যাপিং বা ই-সিগারেট থেকেও দূরে থাকতে হবে।

দ্বিতীয়ত, অ্যালকোহল বা মদ্যপান নিয়ন্ত্রণ করতে হবে। কারণ, অ্যালকোহল ক্যানসারের একটি প্রতিষ্ঠিত ঝুঁকির কারণ। বিশেষ করে অন্ত্র, স্তন ও যকৃতের ক্যানসারের সঙ্গে এর সম্পর্ক রয়েছে।

তৃতীয়ত, সুষম খাবার খেতে হবে এবং প্রতিদিন কতটুকু ক্যালরি গ্রহণ করা হচ্ছে ও কতটুকু খরচ হচ্ছে, সেদিকে নজর রাখতে হবে।

চতুর্থত, পছন্দের কোনো শরীরচর্চা বা খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। নিয়মিত শারীরিক কার্যক্রম ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি মানসিক চাপ কমাতেও সহায়তা করে।

পঞ্চমত, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। সুস্থ জীবনযাপনের জন্য ঘুমের প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া জরুরি। সূত্র: দ্য টেলিগ্রাফ 

ভোরের আকাশ/সু.পা