বিশেষ

ওজন কমানোর ওষুধে স্থায়ী অন্ধত্বের ঝুঁকি, এফডিএর সতর্কতা

ছবি: সংগৃহীত

ওজন কমাতে বহুল ব্যবহৃত জিএলপি-১ গ্রুপের ওষুধ নিয়ে নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। সংস্থাটির আশঙ্কা, এসব ওষুধ ব্যবহারের সঙ্গে এনএআইওএন (নন-আর্টেরিটিক অ্যান্টেরিয়র ইস্কেমিক অপটিক নিউরোপ্যাথি) নামের বিরল চোখের রোগের সম্ভাব্য সম্পর্ক রয়েছে। এ রোগে আক্রান্ত হলে হঠাৎ দৃষ্টিশক্তি কমে যেতে পারে, এমনকি স্থায়ী অন্ধত্বও দেখা দিতে পারে।

সোমবার (৯ নভেম্বর) এফডিএ জানায়, বাজারে থাকা সব জিএলপি-১ জাতীয় ওষুধের লেবেল বা সতর্কবার্তায় এনএআইওএন-এর সম্ভাব্য ঝুঁকির তথ্য যুক্ত করতে হবে। এ তালিকায় রয়েছে নভো নরডিস্কের ওজেম্পিক ও ওয়েগোভি, এলি লিলির মাউনজারো ও জেপবাউন্ড এবং সানোফির সোলিকুয়া।

এফডিএর ব্যাখ্যা অনুযায়ী, এনএআইওএন একটি বিরল জটিলতা। এ রোগে অপটিক স্নায়ুতে হঠাৎ রক্তপ্রবাহ কমে যায়। ফলে কোনো ব্যথা ছাড়াই এক চোখের দৃষ্টিশক্তি আকস্মিকভাবে কমে যেতে পারে। কিছু ক্ষেত্রে স্থায়ী অন্ধত্বও দেখা দিতে পারে।

ডায়াবেটিস, ধূমপান, উচ্চ রক্তচাপ ও রক্তে অতিরিক্ত কোলেস্টেরল রয়েছে—এমন ব্যক্তিদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। ৫০ বছরের বেশি বয়সীদের অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম কারণ এনএআইওএন। পঞ্চাশোর্ধ্ব প্রতি এক লাখ মানুষের মধ্যে প্রতিবছর গড়ে ২ দশমিক ৩ থেকে ১০ দশমিক ২ জন এ রোগে আক্রান্ত হন। বর্তমানে এনএআইওএন-এর কারণে হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার কার্যকর কোনো চিকিৎসা নেই।

এফডিএ জানায়, ২০২৪ সালে ‘জামা অপথালমোলজি’ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণার পর জিএলপি-১ ও এনএআইওএন-এর সম্ভাব্য সম্পর্ক নিয়ে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। ওই গবেষণায় দেখা যায়, জিএলপি-১ জাতীয় ওষুধ ব্যবহারকারীদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি হতে পারে।

গবেষণাটির কিছু সীমাবদ্ধতা থাকলেও বিষয়টি আরও গভীরভাবে মূল্যায়নের সিদ্ধান্ত নেয় এফডিএ। এর অংশ হিসেবে ১ লাখ ৩৪ হাজার ২০০-এর বেশি রোগীর ওপর পরিচালিত ১২৬টি ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য পর্যালোচনা করে সংস্থাটি। এসব পরীক্ষায় মোট ১৫ জনের মধ্যে সম্ভাব্য এনএআইওএন শনাক্ত হয়। তাঁদের মধ্যে ১০ জন জিএলপি-১ ওষুধ গ্রহণ করেছিলেন এবং পাঁচজন নিয়েছিলেন প্লাসিবো। অন্য ডায়াবেটিসের ওষুধ গ্রহণকারীদের মধ্যে এ রোগে আক্রান্ত হওয়ার ঘটনা পাওয়া যায়নি।

এফডিএর হিসাব অনুযায়ী, জিএলপি-১ গ্রহণকারীদের মধ্যে প্রতি এক লাখ মানুষ-বছরে এনএআইওএন আক্রান্তের হার ৬ দশমিক ৪ জন। অন্যদিকে প্লাসিবো বা বিকল্প ওষুধ গ্রহণকারীদের ক্ষেত্রে এ হার ৩ দশমিক ৮ জন।

সংস্থাটি জানায়, বাজারে থাকা সব ধরনের জিএলপি-১ ওষুধ ব্যবহারের ক্ষেত্রে এনএআইওএন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এসব তথ্য পর্যালোচনা করে ওষুধ ব্যবহারকারীদের মধ্যে এ বিরল রোগের সম্ভাব্য ঝুঁকি রয়েছে বলে মনে করছে এফডিএ। এ কারণে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে ওষুধের লেবেলের সতর্কতা ও সাবধানতা অংশে এ ঝুঁকির তথ্য যুক্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে।

এফডিএর সতর্কতার বিষয়ে নভো নরডিস্কের এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’কে বলেন, এসব তথ্যের ভিত্তিতে এখনো ওষুধের সঙ্গে রোগটির সরাসরি সম্পর্ক বা কার্যকারণ প্রমাণিত হয়নি বলে মনে করে প্রতিষ্ঠানটি। তাদের জিএলপি-১ ওষুধগুলোর সুবিধা ও ঝুঁকির সামগ্রিক মূল্যায়ন নিয়ে কোম্পানি আত্মবিশ্বাসী।

অতিরিক্ত মন্তব্য জানতে এলি লিলি ও সানোফির সঙ্গে যোগাযোগ করেছে ‘দ্য গার্ডিয়ান’। এর আগে এলি লিলি জানিয়েছিল, জিএলপি-১ ব্যবহারকারীদের মধ্যে এনএআইওএন-এর ঝুঁকি নিয়ে প্রকাশিত গবেষণা সম্পর্কে তারা অবগত।

মূলত টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে জিএলপি-১ গ্রুপের ওষুধ ব্যবহার করা হয়। পাশাপাশি এ গ্রুপের কিছু ওষুধ স্থূলতা ও অতিরিক্ত ওজনের চিকিৎসায়ও ব্যবহৃত হয়। তবে চিকিৎসাগত প্রয়োজন ছাড়াও শুধু বাহ্যিক সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে অনেকে এসব ওষুধ ব্যবহার করছেন বলে জানা যায়।

এফডিএর এ সতর্কতা এমন এক সময়ে এল, যখন নেদারল্যান্ডসভিত্তিক অলাভজনক সংস্থা ‘এক্সেস টু মেডিসিন ফাউন্ডেশন’ সতর্ক করেছে, ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর জিএলপি-১ জাতীয় ওজন কমানোর ওষুধের প্রতি অতিরিক্ত মনোযোগ বিশ্বজুড়ে ইনসুলিনের সরবরাহকে ঝুঁকির মুখে ফেলতে পারে। সূত্র: দ্য গার্ডিয়ান

ভোরের আকাশ/সু.পা