স্বাস্থ্য প্রশাসন

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : লাইসেন্স বাতিলের শঙ্কা

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে গত ২৭ মে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর বিধান লঙ্ঘনের অভিযোগে কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না, তা জানতে চেয়ে এই নোটিশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালকের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে হাসপাতালটির মালিক ডা. শেখ মহিউদ্দিনকে নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ আগামী ৭ জুন বিকেল ৪টার মধ্যে লিখিত বা সশরীরে জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে ১ জুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তদন্তের অংশ হিসেবে কমিটি হাসপাতালের পরিচালক, উপপরিচালক, শিশু বিভাগের প্রধান, এনআইসিইউতে কর্মরত চিকিৎসক, দায়িত্বপ্রাপ্ত নার্স, আয়া, রোগীর স্বজন এবং মৃত নবজাতকদের পরিবারের সদস্যদের বক্তব্য গ্রহণ করে।

তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর বিধানগুলো যথাযথভাবে অনুসরণ করা হয়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিয়মকানুন পালনে চরম অবহেলার কারণেই ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আদ্-দ্বীন হাসপাতালটি উক্ত অধ্যাদেশের ৮ ধারার অধীনে নিবন্ধিত। তদন্তে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না, তার যৌক্তিক ব্যাখ্যা ৭২ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে দাখিল করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে হাসপাতালটির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভোরের আকাশ/সু.পা

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : লাইসেন্স বাতিলের শঙ্কা | স্বাস্থ্য কথা