আদ্-দ্বীনে ছয় শিশুর মৃত্যুতে হাসপাতালের দায় রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে আদ্-দ্বীন হাসপাতালের ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসক, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ছিল বলেও তিনি মন্তব্য করেন। তার ভাষায়, এই ছয় শিশুর মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকেই নিতে হবে। শাস্তিস্বরূপ শুধু হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে ‘হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পোস্টমর্টেম না হওয়ায় আদ্-দ্বীন হাসপাতাল একটি সুবিধা নেওয়ার সুযোগ পেতে পারে। তবে আদালত জানে যে ঘটনাটি অত্যন্ত নির্মম ছিল এবং এতে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, দোষীদের বিচার নিশ্চিত হবে।
আদ্-দ্বীন মেডিকেল কলেজের কার্যক্রম চালু থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু প্যাথলজি নয়, মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল করা হয়েছে। তবে আদ্-দ্বীন ফাউন্ডেশনের অন্য শাখা থাকলে তা চালু রাখতে কোনো বাধা নেই।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সারা দেশে একযোগে ভিটামিন-এ ক্যাম্পেইন চালু করা হবে। এ বিষয়ে প্রস্তুতি চলছে এবং আগামী দুই থেকে চার দিনের মধ্যে ক্যাম্পেইন শুরুর তারিখ জানানো হবে।
ভোরের আকাশ/সু.পা



