স্বাস্থ্য প্রশাসন

বিএমইউর একাডেমিক উপ-উপাচার্য হলেন ডা. নজরুল ইসলাম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নতুন উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার ও রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮-এর ১৫(১) ধারা অনুযায়ী বিএমইউর রেজিস্ট্রার ও রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) পদে নিয়োগ দেওয়া হলো।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে অধ্যাপক নজরুল ইসলামের নিয়োগের মেয়াদ হবে চার বছর। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮-এর ১৫(২) ধারা অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে নিয়োগ পান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে তিনি রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বও পালন করছেন। এর আগে ২০০৩ সালে তিনি সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ২০১২ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান।

অধ্যাপক নজরুল ইসলাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর তৎকালীন বিএসএমএমইউ (বর্তমান বিএমইউ) থেকে এমফিল ও এমডি ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। দেশ-বিদেশে তার বহু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ইনডেক্সড জার্নালে তার ১১টি এবং নন-ইনডেক্সড জার্নালে ২৩টি গবেষণা প্রকাশিত হয়েছে।

অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম একজন বিশিষ্ট রেডিওলজিস্ট এবং নিউরো রেডিওলজিতে বিশেষজ্ঞ। তিনি রেডিওলজি বিষয়ে এফসিপিএস, এমডি ও এমফিল ডিগ্রি অর্জন করেছেন।

তিনি ঢাকা বোর্ডের অধীনে ১৯৮৪ সালে এসএসসি এবং ১৯৮৬ সালে এইচএসসি পাস করেন। ১৯৯৪ সালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

শিক্ষকতা জীবনে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং বর্তমানে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, তার দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে ইনডেক্সড ও নন-ইনডেক্সডসহ মোট ৩৬টি প্রকাশনা রয়েছে। বাংলাদেশ, সিঙ্গাপুর ও জার্মানিসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত চিকিৎসা ও সংশ্লিষ্ট প্রশিক্ষণ ও সম্মেলনে তিনি অংশগ্রহণ করেছেন।

তিনি আল্ট্রাসাউন্ড, এক্স-রে, সিটি স্ক্যান ও এমআরআই রিপোর্ট প্রদানে দক্ষ। কর্মজীবনের শুরুতে তিনি হবিগঞ্জের আধুনিক সরদার হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভোরের আকাশ/সু.পা

বিএমইউর একাডেমিক উপ-উপাচার্য হলেন ডা. নজরুল ইসলাম | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ