স্বাস্থ্য প্রশাসন

বিএমইউতে আধুনিক ‘ড্রাই ফার্মাকোলজি ল্যাব’ উদ্বোধন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ফার্মাকোলজি বিভাগে ‘হিট প্রজেক্ট ১২২৬৪’-এর আওতায় নবপ্রতিষ্ঠিত ‘ড্রাই ফার্মাকোলজি ল্যাব’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বিভাগ পরিদর্শনকালে ল্যাবটির উদ্বোধন করেন।

এ সময় ড্রাই ফার্মাকোলজি ল্যাবের জন্য স্থাপিত দুটি উচ্চক্ষমতাসম্পন্ন ওয়ার্কস্টেশনেরও উদ্বোধন করা হয়। এসব ওয়ার্কস্টেশন ইনসিলিকো কম্পিউটেশনাল ফার্মাকোলজি গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘হিট প্রজেক্ট ১২২৬৪’-এর সাব-প্রজেক্ট ম্যানেজার (ইনসিলিকো) ও ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইলোরা শারমিন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী আধুনিক গবেষণায় ইনসিলিকো কম্পিউটেশনাল ফার্মাকোলজির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ড্রাগ-রিসেপ্টর ইন্টারঅ্যাকশন, ড্রাগ-ড্রাগ ইন্টারঅ্যাকশন বিশ্লেষণ, নতুন ওষুধ আবিষ্কার এবং পিএইচডি গবেষণার সুযোগ সম্প্রসারণে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে গবেষণায় এগিয়ে নিতে উদ্ভাবনী উদ্যোগ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। নতুন ওষুধ আবিষ্কার, বায়োইকুইভ্যালেন্স স্টাডি এবং অন্যান্য গবেষণায় ফার্মাকোলজি বিভাগ অনন্য উচ্চতায় পৌঁছাতে পারে। এ লক্ষ্যে বিভাগের গবেষণা কার্যক্রমে প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

উদ্বোধন শেষে উপাচার্য ফার্মাকোলজি বিভাগের গবেষণাগার পরিদর্শন করেন। এ সময় সেখানে স্থাপিত লিকুইড ক্রোমাটোগ্রাফি-ম্যাস স্পেক্ট্রোমেট্রি (LC-MS) এবং হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি (HPLC) যন্ত্রসমূহ ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।

প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার ডা. ইলোরা শারমিন জানান, এসব অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে বিভাগে থেরাপিউটিক ড্রাগ মনিটরিং (টিডিএম), বায়োইকুইভ্যালেন্স, ক্লিনিক্যাল ট্রায়াল ইউনিট এবং টক্সিকোভিজিলেন্স সেবা চালুর লক্ষ্যে কাজ চলছে। এসব উদ্যোগ দেশের ক্লিনিক্যাল ফার্মাকোলজি গবেষণা ও উন্নত রোগীসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শনের শেষ পর্যায়ে উপাচার্য চলমান ‘গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস’ (জিসিপি) বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমও পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, আন্তর্জাতিক মানের এই প্রশিক্ষণ কার্যক্রম এবং ড্রাই ফার্মাকোলজি ল্যাবের যাত্রা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটেশনাল ও ক্লিনিক্যাল গবেষণার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

ল্যাব উদ্বোধন ও পরিদর্শনকালে ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, উপাচার্যের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা জোহরা, সহকারী অধ্যাপক ডা. শরদিন্দু কান্তি সিংহ, সহকারী অধ্যাপক ডা. নাজিরা মাহমুদ বাধন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও উপাচার্যের একান্ত সচিব-২ মো. লুৎফর রহমানসহ বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

বিএমইউতে আধুনিক ‘ড্রাই ফার্মাকোলজি ল্যাব’ উদ্বোধন | স্বাস্থ্য কথা