বৃষ্টিতে ভিজে গেলে করণীয়

বর্ষার দিনে আবহাওয়া প্রায়ই আমাদের সাথে লুকোচুরি খেলে। সকালে রোদ দেখে বের হলেও হুট করে নামা বৃষ্টিতে ভিজে একাকার হওয়ার ঘটনা অহরহ ঘটে। এভাবে বৃষ্টিতে ভেজার ফলে খুব সহজেই আমাদের শরীর অসুস্থ হয়ে পড়তে পারে। তাই হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে সুস্থ থাকতে যে ছয়টি কাজ করা জরুরি, তা নিচে দেওয়া হলো।
ভেজা কাপড় দ্রুত ত্যাগ করুন : ভেজা কাপড় জীবাণুর বংশবিস্তারেও সহায়তা করে। বাসায় ফেরার সাথে সাথেই শরীরের ভেজা কাপড়, মোজা এবং জুতো খুলে ফেলুন। বেশিক্ষণ ভেজা কাপড় পরে থাকলে সর্দি-কাশি থেকে শুরু করে নিউমোনিয়ার মতো জটিলতা দেখা দিতে পারে।
চুল ও শরীর দ্রুত শুকিয়ে নিন : বৃষ্টিতে ভেজার পর যদি সাথে সাথে কাপড় বদলানোর সুযোগ না থাকে, তবে দ্রুত মাথা ও চুল মুছে নিন। ভেজা কাপড় যতটা সম্ভব দ্রুত শুকিয়ে নেওয়ার চেষ্টা করুন যাতে শরীরে ঠান্ডা বসে না যায়।
হালকা গরম পানি দিয়ে গোসল : বৃষ্টির পানিতে ধুলিকণা এবং নানা ধরণের ব্যাকটেরিয়া থাকে, তাই বাড়ি ফিরে দ্রুত পরিষ্কার পানিতে শরীর ও চুল ধুয়ে নিন। কুসুম গরম পানি ব্যবহার করা ভালো, কারণ এটি শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে।
উষ্ণ পানীয় পান বা ভেষজ চা পান করুন : শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং উষ্ণতা ফিরিয়ে আনতে এক কাপ আদা চা বা পুদিনা চা পান করুন। ভেষজ চায়ের অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান আপনাকে বিভিন্ন জীবাণুর হাত থেকে সুরক্ষা দেবে।
পায়ের যত্ন : বৃষ্টির জমে থাকা ময়লা পানি দিয়ে হাঁটার ফলে পায়ে ফাঙ্গাল ইনফেকশন বা অ্যাথলেটস ফুট হওয়ার ঝুঁকি থাকে। তাই সাবান দিয়ে পা খুব ভালো করে ধুয়ে নিন। সম্ভব হলে স্ক্রাব বা লবণ ব্যবহার করে পা পরিষ্কার করতে পারেন। শরীরকে শিথিল করতে এবং উষ্ণতা পেতে কিছুক্ষণ কুসুম গরম পানিতে পা ভিজিয়ে রাখতে পারেন। এরপর পা খুব ভালো করে মুছে শুকনো করে নিন এবং আরামদায়ক অনুভূতির জন্য ট্যালকম পাউডার ব্যবহার করতে পারেন।
বৃষ্টির দিনে সুস্থ থাকতে নিয়মিত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে নজর দিন। ঘর থেকে বের হওয়ার সময় ছাতা সাথে রাখুন এবং খুব বেশি বৃষ্টি হলে কোনো নিরাপদ স্থানে অপেক্ষা করুন যাতে দুর্ঘটনা বা অসুস্থতা এড়ানো যায়।
ভোরের আকাশ/সু.পা



