সর্দি-কাশি থেকে স্বস্তি পেতে লবঙ্গ ব্যবহারের সহজ উপায়

ছবি: সংগৃহীত
সর্দি, অ্যালার্জি কিংবা শ্বাসতন্ত্রের সংক্রমণ—যে কারণেই হোক, কাশি দৈনন্দিন জীবনে বেশ অস্বস্তিকর একটি সমস্যা। এটি স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটানোর পাশাপাশি ঘুমেরও সমস্যা তৈরি করতে পারে। তবে প্রাকৃতিক উপাদান হিসেবে পরিচিত লবঙ্গের কিছু ঔষধি গুণ কাশির উপসর্গ উপশমে সহায়ক হতে পারে।
লবঙ্গে থাকা প্রদাহ-বিরোধী, জীবাণু-বিরোধী এবং প্রশান্তিদায়ক উপাদান শ্বাসনালীর অস্বস্তি কমাতে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এতে থাকা কিছু প্রাকৃতিক যৌগ কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ লাঘবেও সহায়তা করতে পারে।
জীবাণু ও ভাইরাসের বিরুদ্ধে কার্যকর : লবঙ্গে ব্যাকটেরিয়া-বিরোধী এবং ভাইরাস-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এগুলো শ্বাসতন্ত্রের সংক্রমণের জন্য দায়ী কিছু জীবাণুর বিরুদ্ধে কাজ করতে পারে, যা কাশির তীব্রতা কমাতে সহায়ক হতে পারে।
কাশির প্রকোপ কমাতে পারে : লবঙ্গ প্রাকৃতিকভাবে কাশির প্রতিক্রিয়া কমাতে সাহায্য করতে পারে। এতে গলার অস্বস্তি কমে এবং স্বাভাবিক ঘুম ও দৈনন্দিন কাজে স্বস্তি মিলতে পারে।
কফ বের করতে সহায়তা করে : লবঙ্গ প্রাকৃতিক কফ নিঃসারক হিসেবে কাজ করতে পারে। এটি শ্লেষ্মা পাতলা করে সহজে বের হতে সহায়তা করে। তাই কফযুক্ত কাশিতে এটি উপকারী হতে পারে।
প্রদাহ কমাতে সহায়ক : লবঙ্গের প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য শ্বাসনালীর প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। ফলে কাশি ও গলার অস্বস্তি কিছুটা কমতে পারে।
লবঙ্গ ও আদার পেস্ট : আদাও কাশি উপশমে পরিচিত একটি প্রাকৃতিক উপাদান। আদা ও লবঙ্গ একসঙ্গে বেটে পেস্ট তৈরি করে অল্প পরিমাণে খেলে গলার জ্বালা ও প্রদাহ কমাতে সহায়তা করতে পারে। তবে কাশি দীর্ঘদিন স্থায়ী হলে, শ্বাসকষ্ট, উচ্চ জ্বর বা রক্তমিশ্রিত কফের মতো উপসর্গ দেখা দিলে ঘরোয়া উপায়ের ওপর নির্ভর না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
লবঙ্গ চা : কাশি উপশমে লবঙ্গ চা সহজ একটি ঘরোয়া উপায়। এক কাপ ফুটন্ত পানিতে ১ থেকে ২টি লবঙ্গ দিয়ে ৫ থেকে ১০ মিনিট ঢেকে রাখুন। এরপর ছেঁকে উষ্ণ অবস্থায় পান করুন। স্বাদ বাড়াতে মধু বা লেবুর রস যোগ করা যেতে পারে।
লবঙ্গ-মিশ্রিত মধু : দুই থেকে তিনটি লবঙ্গ থেঁতো করে মধুর সঙ্গে মিশিয়ে কয়েক ঘণ্টা বা সারা রাত রেখে দিন। প্রয়োজন অনুযায়ী এক চা-চামচ করে এই মিশ্রণ খেলে কাশির অস্বস্তি কিছুটা কমতে পারে।
লবঙ্গ তেলের বাষ্প গ্রহণ : লবঙ্গ তেলের বাষ্প গ্রহণ করলে নাক বন্ধভাব ও কাশির অস্বস্তি কিছুটা কমতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, লবঙ্গ তেল কফ নিঃসারক হিসেবে কাজ করতে পারে এবং সর্দি, ব্রঙ্কাইটিস, কাশি, হাঁপানি ও শ্বাসতন্ত্রের ওপরের অংশের কিছু সমস্যায় সহায়ক হতে পারে।
ভোরের আকাশ/সু.পা



