স্বাস্থ্য প্রশাসন

চিকিৎসক-নার্সদের সুরক্ষায় সেন্ট্রাল ইমারজেন্সি অ্যালার্ম চালুর উদ্যোগ : স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জোরদারে সেন্ট্রাল ইমারজেন্সি অ্যালার্ম সিস্টেম বা ‘পাগলা ঘণ্টা’ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। প্রথম ধাপে এই ব্যবস্থা চালু করা হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মঙ্গলবার (১৯ মে) তেজগাঁওয়ের কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি)-এ অনুদান হিসেবে পাওয়া ভেন্টিলেটর ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত নিরাপত্তা সহায়তা নিশ্চিত করতে ‘কোড ব্লু’ বা ইমারজেন্সি অ্যালার্ম সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মহাখালী এলাকায় স্বাস্থ্যসংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়াতে আলাদা পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও জানান, দেশের ১০টি জেলা সদর হাসপাতালে ১০টি আইসিইউ ইউনিটের জন্য একটি করে শিশু ভেন্টিলেটর দেওয়া হয়েছে। ঈদুল আজহার পর এক সপ্তাহের মধ্যেই এসব ইউনিট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

ভোরের আকাশ/সু.পা