স্বাস্থ্য প্রশাসন

স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

চিকিৎসকের ওপর হামলায় গ্রেপ্তার ২, হাসপাতালে বাড়ছে সশস্ত্র নিরাপত্তা

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত এক চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় মূল অভিযুক্তসহ ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৬ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত চিকিৎসক ডা. নাসিরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বা মতাদর্শ যাই থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ঘটনার তদন্তে হাসপাতাল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের কাজ চলছে। একই সঙ্গে স্বাস্থ্যখাতে টেন্ডারকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনিয়ম, লুটপাট ও সিন্ডিকেট কার্যক্রম ঠেকাতে সরকার সতর্ক অবস্থানে রয়েছে।

চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে নতুন উদ্যোগের কথাও জানান মন্ত্রী। তার ভাষ্য অনুযায়ী, দেশের প্রতিটি সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় ১০ জন করে সশস্ত্র নিরাপত্তাকর্মী এবং একজন পেট্রন কমান্ডার নিয়োগ দেওয়া হবে।

ভোরের আকাশ/সু.পা

 

চিকিৎসকের ওপর হামলায় গ্রেপ্তার ২, হাসপাতালে বাড়ছে সশস্ত্র নিরাপত্তা | স্বাস্থ্য কথা