পরামর্শ

ডেঙ্গু মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ছবি: সংগৃহীত

ডেঙ্গু মোকাবিলায় দেশব্যাপী সচেতনতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (৭ জুন) বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আয়োজিত ‘ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থাপনা’ বিষয়ক এক কর্মশালায় তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধ একটি বড় চ্যালেঞ্জ। এ রোগ নিয়ন্ত্রণে সারা দেশের নালা-নর্দমা, খাল ও জলাবদ্ধ স্থান পরিষ্কার রাখতে হবে। এটি একটি ব্যাপক কর্মযজ্ঞ, যা সফল করতে সবার অংশগ্রহণ প্রয়োজন।

তিনি আরও বলেন, ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জেনে তিনি নিজেও উদ্বিগ্ন হয়েছেন। রোগীর শরীরে প্লাজমা লিকেজ প্রতিরোধে চিকিৎসকদের সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “যেভাবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি, ঠিক তেমনি সবার যৌথ উদ্যোগই ডেঙ্গুকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে।”

ডেঙ্গুর বিস্তার রোধে জলাধার, খোলা স্থান এবং ভবনের ছাদ—সব জায়গায় সমানভাবে নজরদারির প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে সিটি করপোরেশনগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একটি ছোট ভুলও সামগ্রিক প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে পারে বলেও সতর্ক করেন স্বাস্থ্যমন্ত্রী।

ভোরের আকাশ/সু.পা

ডেঙ্গু মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর | স্বাস্থ্য কথা