স্বাস্থ্য প্রশাসন

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৭৩ জন

ছবি: সংগৃহীত

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। একই সময়ে নতুন করে ৪৭৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১১ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ৩০৯ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে রোববার (১৯ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ মারা যাওয়া ব্যক্তি একজন নারী। তার বয়স ৪১ থেকে ৪৫ বছরের মধ্যে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ হাজার ৪৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ৯ হাজার ৪৪০ জন ছাড়পত্র পেয়েছেন।

মৃতদের পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ১৯ জন নারী (৫৫ দশমিক ৯ শতাংশ) এবং ১৫ জন পুরুষ (৪৪ দশমিক ১ শতাংশ)।

এদিকে, বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ছয়জন এবং সিটি করপোরেশনের বাইরে একজন মারা গেছেন। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে পাঁচজন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে চারজন করে, বরিশাল বিভাগে দুইজন এবং রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৭৩ জন | স্বাস্থ্য কথা