ডেস্কে বসার ভুল অভ্যাসেই বাড়ছে মেরুদণ্ড কোমর ব্যথা

ছবি: সংগৃহীত
অফিসে কাজ করতে করতে অনেকেই অজান্তেই এক পা অন্য পায়ের নিচে গুটিয়ে বসে পড়েন। কারও কাছে এটি আরামদায়ক, আবার কারও কাছে দীর্ঘ সময় কাজ চালিয়ে যাওয়ার সহজ উপায়। তবে বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন এই ভঙ্গিতে বসে থাকার অভ্যাস কোমর, নিতম্ব ও মেরুদণ্ডের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে।
হাড়জোড়া রোগ বিশেষজ্ঞদের মতে, চেয়ারে বসে অনেকেই একটি পায়ের গোড়ালি বিপরীত দিকের উরুর নিচে রেখে দেন। বাইরে থেকে এটি স্বাভাবিক মনে হলেও এতে শরীরের ওজন দুই পাশে সমানভাবে বণ্টিত হয় না। ফলে একটি নিতম্বে বেশি চাপ পড়ে, পেলভিস বা শ্রোণিচক্রের অবস্থানে পরিবর্তন আসে এবং মেরুদণ্ডকে ভারসাম্য ধরে রাখতে অতিরিক্ত কাজ করতে হয়।
দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে থাকলে কোমরের পেশি ও লিগামেন্টে অপ্রয়োজনীয় চাপ তৈরি হতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সমস্যার মূল কারণ শুধু একটি নির্দিষ্ট বসার ভঙ্গি নয়; বরং দীর্ঘ সময় ধরে শরীরকে একই অবস্থানে স্থির রাখাই বড় কারণ। মানুষের মেরুদণ্ড নড়াচড়ার জন্য তৈরি। দীর্ঘক্ষণ এক অবস্থায় বসে থাকলে পেশিতে ক্লান্তি আসে, রক্তসঞ্চালন কমে যায় এবং মেরুদণ্ডের বিভিন্ন অংশে চাপ জমতে পারে। তাই সারাদিন একটি নির্দিষ্ট ভঙ্গিতে বসে থাকা শরীরের জন্য উপকারী নয়।
কর্মক্ষেত্রে দীর্ঘ সময় কম্পিউটারের সামনে কাজ করা ব্যক্তিদের প্রতি ২০ থেকে ৩০ মিনিট পরপর বসার ভঙ্গি পরিবর্তনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি প্রতি ঘণ্টায় অন্তত এক থেকে দুই মিনিটের জন্য উঠে দাঁড়ানো, কয়েক কদম হাঁটা কিংবা হালকা স্ট্রেচিং করা উচিত।
সঠিক কর্মপরিবেশও শরীর সুস্থ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। চেয়ারের উচ্চতা এমন হওয়া দরকার, যাতে পা মেঝেতে সমানভাবে রাখা যায়। কোমরের স্বাভাবিক বাঁক ধরে রাখতে পিঠে পর্যাপ্ত সমর্থন থাকা প্রয়োজন। কম্পিউটারের পর্দা চোখের সমতলে রাখলে ঘাড় সামনে ঝুঁকিয়ে কাজ করার প্রবণতা কমে।
ল্যাপটপে দীর্ঘ সময় কাজ করলে আলাদা কিবোর্ড ও মাউস ব্যবহার করলে শরীরের ওপর চাপ কিছুটা কমানো সম্ভব। চিকিৎসকদের মতে, অনেকেই ব্যথা শুরু হলে ব্যথানাশক ওষুধ খেয়ে সাময়িক স্বস্তি খোঁজেন। কিন্তু বসার অভ্যাসে পরিবর্তন না আনলে একই সমস্যা বারবার ফিরে আসতে পারে। বিশেষ করে যারা দিনের বড় একটি সময় ডেস্কে বসে কাটান, তাদের নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম ও শরীরচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ করা জরুরি।
আধুনিক কর্মজীবনে দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করা অনেকের জন্যই প্রয়োজনীয়। তবে কাজের ধরন পরিবর্তন করা সম্ভব না হলেও বসার অভ্যাসে পরিবর্তন আনা সম্ভব। নিয়মিত নড়াচড়া, সঠিক ভঙ্গি এবং সচেতনতার মাধ্যমে কোমর ব্যথাসহ মেরুদণ্ডের নানা সমস্যা অনেকটাই এড়িয়ে চলা যায়।
ভোরের আকাশ/সু.পা



