বিশেষ

ঢাকা মেডিকেলে ভুল চিকিৎসা ও অবহেলায় মৃত্যুর মুখে শিশু আবির হাসান

ছবি- ভোরের আকাশ

তিন মাস আগে খিচুনি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয় ৯ মাস বয়সী শিশু আবির হাসানকে। কিন্তু সুস্থতার বদলে হাসপাতালটির চিকিৎসা অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে শিশুটির শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দেশের অন্যতম প্রধান চিকিৎসা প্রতিষ্ঠান ঢামেকে তারা প্রত্যাশিত চিকিৎসাসেবা পাননি। বরং একের পর এক ভুল চিকিৎসা ও অবহেলার কারণে শিশুটির অবস্থার আরও অবনতি ঘটে।

পরিবারের ভাষ্য অনুযায়ী, খিচুনির চিকিৎসা করাতে এসে শিশুটি পরবর্তীতে হামে আক্রান্ত হয় এবং বর্তমানে তার শরীর আরও জটিল সমস্যায় আক্রান্ত। নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে বাবা স্বপন মিয়া ও মা হাসিনা আক্তার সন্তানের চিকিৎসার আশায় ঢাকায় আসেন।

শিশু আবিরের মা-বাবা

কান্নাজড়িত কণ্ঠে শিশুটির মা হাসিনা আক্তার বলেন, তারা গরিব মানুষ, চিকিৎসকদের ওপর ভরসা করেই ঢাকায় এসেছিলেন, কিন্তু এখানে এসে একের পর এক ভুল চিকিৎসার শিকার হয়েছেন। এখন তাদের সন্তান মৃত্যুর কাছাকাছি অবস্থায় রয়েছে।

শিশুটির বাবা স্বপন মিয়া অভিযোগ করেন, বারবার অনুরোধ করা সত্ত্বেও চিকিৎসকেরা রোগীর দিকে যথাযথভাবে নজর দেননি। তার দাবি, ভুল ওষুধ ও অবহেলার কারণে শিশুটির অবস্থা আরও খারাপ হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। শিশুটির পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

 

ঢাকা মেডিকেলে ভুল চিকিৎসা ও অবহেলায় মৃত্যুর মুখে শিশু আবির হাসান | স্বাস্থ্য কথা