স্বাস্থ্য পুষ্টি

দুই বছরের আগে শিশুকে চিনি বা তালমিছরি না দেওয়ার পরামর্শ পুষ্টিবিদদের

ছবি: সংগৃহীত

দুই বছরের কম বয়সী শিশুকে তালমিছরি, চিনি বা অন্য কোনো ধরনের অতিরিক্ত চিনিযুক্ত শরবত খাওয়ানো উচিত নয় বলে মত দিয়েছেন পুষ্টিবিদ ও চিকিৎসকরা। যদিও তালমিছরিতে কিছু উপকারী উপাদান রয়েছে, তবুও শিশুর প্রথম দুই বছরের খাদ্যতালিকায় কোনো ধরনের প্রক্রিয়াজাত চিনি বা মিষ্টিজাতীয় পানীয় রাখা উচিত নয়।

পুষ্টিবিদদের মতে, তালমিছরিতে ইনুলিন নামের এক ধরনের প্রিবায়োটিক ফাইবার থাকে, যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ও পরিপাকতন্ত্রের সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। এছাড়া এতে অল্প পরিমাণে সেলেনিয়াম, জিঙ্ক ও কিছু ভিটামিন থাকায় রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সর্দি-ফ্লুর মতো সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক ভূমিকা রাখতে পারে।

এ বিষয়ে পুষ্টিবিদ অনন্যা ভৌমিক বলেন, সাধারণ চিনির মিছরি বা তালমিছরি—কোনোটিতেই উল্লেখযোগ্য পুষ্টিগুণ নেই। তবে খাঁটি তালমিছরিতে অল্প পরিমাণে পটাশিয়াম, আয়রন ও ক্যালসিয়াম থাকে। চিনির তুলনায় তালমিছরির গ্লাইসেমিক ইনডেক্স কিছুটা কম হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা তুলনামূলক ধীরে বাড়ায়। তবে এতে কার্বোহাইড্রেট ও শর্করা থাকায় এটি ডায়াবেটিস রোগীদের জন্যও নিরাপদ বিকল্প নয়।

তিনি আরও বলেন, তালমিছরি খেলেও রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়, যদিও তা সাধারণ চিনির তুলনায় কিছুটা কম। তাই যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদেরও তালমিছরি এড়িয়ে চলা উচিত। তবে শিশু ও বয়স্কদের মতো দুর্বল শরীরের মানুষের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী মিছরির পানি দ্রুত শক্তি জোগাতে সহায়তা করতে পারে। এছাড়া অতিরিক্ত গরমে ঘামজনিত ক্লান্তি দূর করে সাময়িকভাবে শক্তির ঘাটতি পূরণেও এটি ভূমিকা রাখতে পারে। তবে পিসিওএস, কিডনির সমস্যা বা যাদের সুক্রোজ গ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে, তাদের তালমিছরি খাওয়া থেকে বিরত থাকতে হবে।

অন্যদিকে, অনেক পরিবারে ছোট শিশুদের নিয়মিত তালমিছরি খাওয়ানোর প্রচলন রয়েছে। এ বিষয়ে চিকিৎসক অর্পণ সাহা বলেন, “তালমিছরির মিষ্টতা সাধারণ চিনির তুলনায় কম হলেও এটি মূলত তাল থেকে তৈরি এক ধরনের প্রক্রিয়াজাত চিনি। তাই দুই বছরের নিচের শিশুকে কোনো ধরনের প্রক্রিয়াজাত চিনি দেওয়া উচিত নয়। সে কারণে তালমিছরিও তাদের খাওয়ানো থেকে বিরত থাকতে হবে।”

বিশেষজ্ঞদের মতে, শিশুর প্রথম দুই বছর প্রাকৃতিক ও সুষম খাবারের ওপরই জোর দেওয়া উচিত। এ সময় অতিরিক্ত চিনি বা মিষ্টিজাতীয় খাবার ও পানীয় এড়িয়ে চলাই শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশের জন্য সবচেয়ে নিরাপদ।

ভোরের আকাশ/সু.পা

দুই বছরের আগে শিশুকে চিনি বা তালমিছরি না দেওয়ার পরামর্শ পুষ্টিবিদদের | স্বাস্থ্য কথা