গর্ভাবস্থায় ফলিক এসিডের গুরুত্ব

ছবি: সংগৃহীত
ল্যাটিন শব্দ ফোলিয়াম থেকে ফলিক এসিড নামটি এসেছে, যার অর্থ পাতা। ফলিক এসিডের বড় উৎস সবুজ পাতা সমৃদ্ধ শাক-সবজি-কলিজা ও বিভিন্ন ফল। ফলিক এসিড পানিতে দ্রবণীয় একটি ভিটামিন। দেহের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে ফলিক এসিড। এটি কোষের বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ। কোষ বিভাজন এবং ডিএনএ মেরামত করতে এটি সাহায্য করে।
গর্ভাবস্থায় এবং নবজাতকের জন্য ফলিক এসিড অত্যন্ত জরুরি। লোহিত রক্তকণিকা তৈরির কাজে এবং রক্তস্বল্পতা প্রতিরোধ করতে এই ভিটামিন শিশু ও পূর্ণ বয়স্ক উভয়েরই প্রয়োজন। মায়ের স্বাস্থ্য ও পুষ্টির ওপর গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য অনেকটা নির্ভর করে। গর্ভাবস্থায় অপর্যাপ্ত খাদ্য ও অপুষ্টি, মা ও শিশুর জন্য মারাত্মক হতে পারে।
অপুষ্টিতে আক্রান্ত মায়েরা যে সন্তান প্রসব করেন, তাদের শিশুদের নানারকম সমস্যা হয়। কম ওজন নিয়ে জন্ম নেওয়া, শিশুর বুদ্ধির বিকাশ ব্যাহত হয় ও স্বাস্থ্য ভালো থাকে না। গর্ভাবস্থায় মা নিজের দেহ থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে গর্ভের শিশুকে যথাযথভাবে বৃদ্ধিতে সহায়তা করে। মায়ের পুষ্টি সঠিক না হলে শিশুর গঠন তাই ব্যাহত হয়।
ভোরের আকাশ/সু.পা



