স্বাস্থ্য প্রশাসন

হাম রোগীর জন্য হাসপাতাগুলোতে আলাদা ওয়ার্ড চালুর নির্দেশ : স্বাস্থ্য অধিদপ্তর

দেশজুড়ে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম এবং সন্দেহজনক হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড বা কেবিন চালু করা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ নিয়ন্ত্রণ ও রোগীদের কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে এ সংক্রান্ত পাঁচ দফা নির্দেশনা জারি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর-এর পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মঈনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় মঙ্গলবার (১৯ মে) এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড বা কেবিন চালু করতে হবে। আক্রান্ত রোগীদের ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

এছাড়া হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রাখার কথা বলা হয়েছে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত রাউন্ড দিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, রোগীর সঙ্গে একাধিক নয়, সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। একই সঙ্গে ভর্তি রোগীদের তথ্য প্রতিদিন ব্যবস্থাপনা তথ্য সিস্টেম (এমআইএস) সার্ভারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

হাম রোগীর জন্য হাসপাতাগুলোতে আলাদা ওয়ার্ড চালুর নির্দেশ : স্বাস্থ্য অধিদপ্তর | স্বাস্থ্য কথা