স্বাস্থ্য প্রশাসন

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ২৮৫ জন।

শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১১৫ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৪৬।

স্বাস্থ্য অধিদফতর জানায়, একই সময় থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯ জনের। এছাড়া হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৩১ জনে।

প্রাদুর্ভাব মোকাবিলায় ইতোমধ্যে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। গত ৫ এপ্রিল ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় জরুরি টিকাদান শুরু হয়। পরে ১২ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশাল সিটি এলাকায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হয়। ২০ এপ্রিল থেকে সারা দেশে টিকাদান শুরু হয়েছে।

এদিকে সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ