হামে আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬৭

ছবি: সংগৃহীত
দেশে হামের প্রাদুর্ভাব এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৬৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯৫১ জনকে সন্দেহজনক রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র প্রকাশিত সর্বশেষ স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৬ জনে। তবে পরীক্ষায় নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ৯৩ জনের। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সর্বশেষ সন্দেহজনক মৃত্যুর ঘটনাটি সুনামগঞ্জে রেকর্ড করা হয়েছে।
এদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ২৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১২ হাজার ১৩২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে ৮৫ হাজার ৫০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ৮১ হাজার ৮৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, যার সংখ্যা ৪০৭। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ২০০ জন, বরিশাল বিভাগে ১২২ জন এবং সিলেট বিভাগে ৬৯ জন। সর্বশেষ সন্দেহজনক মৃত্যুর ঘটনাটিও সিলেট বিভাগে ঘটেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। এ পর্যন্ত লক্ষ্যমাত্রার ১০৩ শতাংশ শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা রোগ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখছে।
তবে জ্বর, শরীরে লালচে র্যাশ কিংবা হামের অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ভোরের আকাশ/সু.পা



