হামে ঝরছে শিশুর প্রাণ, ঈদ ছুটি বাতিল ডাক্তার-নার্সদের : স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হামের রোগী এবং জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি থাকবে না। শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি রয়েছে, সেখানে ঈদের ছুটির সময় চিকিৎসকরা দায়িত্বে থাকবেন কি না— এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “থাকবেন, ইনশাআল্লাহ। আমরা ইতোমধ্যে সার্কুলার দিয়েছি। হামের রোগী এবং জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত কোনো ডাক্তার বা নার্স ছুটিতে যেতে পারবেন না। সবাইকে দায়িত্বে থাকতে হবে।”
ভ্যাকসিন নেওয়ার পরও কেন হাম হতে পারে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভ্যাকসিন নিলেই যে শতভাগ নিশ্চয়তা থাকবে, এমন নয়। শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কমে গেলে বা ভাইরাসের সংক্রমণ বেশি হলে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়।”
তিনি আরও বলেন, “আমি বিজ্ঞানী নই, তাই শতভাগ নিশ্চয়তার বিষয়টি বলতে পারছি না। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাস বেশি ছড়িয়ে পড়লে কিছু ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে।”
ঈদের সময় আক্রান্ত শিশুদের আত্মীয়-স্বজনের বাড়িতে না নেওয়ার অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বাচ্চাদের ভিড়পূর্ণ জায়গায়ও না নেওয়াই ভালো। কারণ হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ। সংস্পর্শ, শ্বাস-প্রশ্বাস ও কাছাকাছি অবস্থানের মাধ্যমেই এটি দ্রুত ছড়িয়ে পড়ে।”
তিনি আরও বলেন, “বিশেষজ্ঞ চিকিৎসকরা আশঙ্কা করছেন, ঈদে অবাধ মেলামেশা, বাস ও ট্রেনে যাতায়াত এবং আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাওয়ার কারণে সংক্রমণ আরও বাড়তে পারে। হাম আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে সুস্থ শিশুদেরও আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।”
ভোরের আকাশ/সু.পা



