বিশেষ

হান্টায় আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত : ডব্লিউএইচও

ছবি: সংগৃহীত

এমভি হন্ডিয়াস নামের একটি ক্রুজ জাহাজে ছড়িয়ে পড়া হান্টা ভাইরাস প্রাদুর্ভাবে আক্রান্তদের মধ্যে আট জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। হান্টা ভাইরাসের বিভিন্ন ধরন থাকলেও মানুষের মধ্যে সংক্রমণ ছড়াতে সক্ষম একমাত্র ধরন হিসেবে অ্যান্ডিজ ভাইরাসকে চিহ্নিত করা হয়।

বুধবার প্রকাশিত ডব্লিউএইচও’র সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, আটটি ঘটনায় পরীক্ষাগারে অ্যান্ডিজ ভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়েছে। এছাড়া আরও দুটি সম্ভাব্য সংক্রমণের ঘটনা রয়েছে এবং একটি ঘটনার পরীক্ষার ফল এখনও চূড়ান্ত হয়নি। ওই ব্যক্তির শরীরে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।

জেনেভাভিত্তিক বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, গত ১ এপ্রিল আর্জেন্টিনা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয় এমভি হন্ডিয়াস ক্রুজ জাহাজটি। যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে।

ডব্লিউএইচও জানিয়েছে, মৃতদের মধ্যে দুই জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। অপর একজনকে সম্ভাব্য আক্রান্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সাধারণত আক্রান্ত ইঁদুরের মল-মূত্র বা লালার মাধ্যমে হান্টা ভাইরাস মানুষের শরীরে ছড়ায়। বিরল এই রোগের এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট টিকা বা কার্যকর চিকিৎসা নেই।

স্বাস্থ্য সংস্থাটি আরও জানিয়েছে, বর্তমান প্রাদুর্ভাবের সব আক্রান্তই ওই ক্রুজ জাহাজের যাত্রী ছিলেন। যাত্রীর মধ্যে একজন মার্কিন নাগরিকের পরীক্ষার ফল এখনও নিশ্চিত হয়নি। তাকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ডব্লিউএইচও বলছে, ওই যাত্রীর একটি পরীক্ষায় পজিটিভ এবং অন্য পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে। তাই নিশ্চিত হওয়ার জন্য আরও পরীক্ষা চালানো হচ্ছে। বর্তমানে তার শরীরে কোনো উপসর্গ নেই বলেও জানানো হয়েছে।

প্রাদুর্ভাবের উৎস এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ডব্লিউএইচও’র ধারণা, মূল সংক্রমণটি ক্রুজযাত্রা শুরুর আগেই ঘটেছিল। কারণ প্রথম আক্রান্ত হিসেবে শনাক্ত ৭০ বছর বয়সী এক ডাচ নাগরিকের শরীরে ৬ এপ্রিল উপসর্গ দেখা দেয়, যেখানে এই ভাইরাসের সুপ্তিকাল সাধারণত এক থেকে ছয় সপ্তাহ পর্যন্ত হতে পারে।

ভোরের আকাশ/সু.পা

হান্টায় আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত : ডব্লিউএইচও | স্বাস্থ্য কথা