পরামর্শ

কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহজ সমাধান মেথি

ছবি: সংগৃহীত

বর্তমানে কোলেস্টেরলের সমস্যা অনেকটাই সাধারণ হয়ে উঠেছে। নানা বয়সের মানুষের মধ্যেই এই সমস্যা দেখা যাচ্ছে। কোলেস্টেরল বেড়ে গেলে রক্ত ঘন হয়ে যায়, যা হৃদ্‌রোগসহ বিভিন্ন জটিলতার ঝুঁকি বাড়ায়। তাই শুধু ওষুধের ওপর নির্ভর না করে ঘরোয়া কিছু উপায়ও কাজে লাগানো যেতে পারে। এই ক্ষেত্রে মেথি হতে পারে সহজ ও কার্যকর একটি উপাদান।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকালে মেথি খাওয়ার অভ্যাস শরীরের জন্য উপকারী হতে পারে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে আগের রাতে এক গ্লাস পানিতে এক চা চামচ মেথি ভিজিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়। সারা রাত ভিজিয়ে রাখার পর সকালে খালি পেটে সেই পানি পান করলে বেশি উপকার পাওয়া যায়।

যাদের কিডনির কোনো সমস্যা নেই, তারা ভেজানো মেথি দানাও চিবিয়ে খেতে পারেন। এছাড়া অঙ্কুরিত মেথি দানা আরও কার্যকর বলে মনে করা হয়।

তবে মেথি উপকারী হলেও অতিরিক্ত খাওয়া ঠিক নয়। দিনে এক চা চামচের বেশি মেথি খেলে উল্টো ক্ষতি হতে পারে। বিশেষ করে গর্ভবতী নারীদের ক্ষেত্রে মেথি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

খাবারে স্বাভাবিকভাবেও মেথি ব্যবহার করা যায়। ডাল বা তরকারিতে ফোড়ন হিসেবে সামান্য মেথি যোগ করলে তা ক্ষতিকর নয়, বরং উপকারই করে।

যদি মেথি ভেজানো পানি খেতে অসুবিধা হয়, তাহলে মেথি দানা হালকা ভেজে গুঁড়া করে রাখা যেতে পারে। প্রতিদিন এক চা চামচ করে তা পানি বা টক দইয়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে।

মেথিতে থাকা ফাইবার ও স্যাপোনিন শরীরে সহজে শোষিত হয় এবং কোলেস্টেরল কমাতে সহায়তা করে। এসব উপাদান শরীর থেকে অতিরিক্ত কোলেস্টেরল বের করে দিতে এবং যকৃতে এর উৎপাদন কমাতে ভূমিকা রাখে।

 

কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহজ সমাধান মেথি | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ