স্বাস্থ্য প্রশাসন

মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অবস্থানে সরকার: ড. এম এ মুহিত

ছবি: সংগৃহীত

অপরাধী কোন রাজনৈতিক দলের বা কার ঘনিষ্ঠ—তা বিবেচনা না করে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসনকে সম্পূর্ণ প্রভাবমুক্তভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, বর্তমান সরকারের আমলে কোনো অপরাধীর রাজনৈতিক আশ্রয় পাওয়ার সুযোগ নেই। অপরাধী যে-ই হোক, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১৮ জুলাই) সিরাজগঞ্জের শাহজাদপুর সফরকালে আয়োজিত দুটি পৃথক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন প্রতিমন্ত্রী শাহজাদপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন, দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও অর্থ বিতরণ, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ভেন্ডিং মেশিন ও হাইজিন কর্নার উদ্বোধন, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

সকালে মণিরামপুর বাজার সংলগ্ন ছোট ব্রিজ থেকে লালপুর পর্যন্ত খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন এবং অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘অপরাধ সবার জন্যই অপরাধ। সে কোন দল করে বা কার লোক—আইন প্রয়োগের ক্ষেত্রে এটি কোনো বিবেচনার বিষয় নয়। বেআইনি কাজ করলে আইন তাকে ধরবেই।’

আগের সরকারের আমলে অপরাধীরা রাজনৈতিক প্রশ্রয় পেত বলে অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা এমন পরিস্থিতি হতে দেব না। গত কয়েক মাসে আমরা তা প্রমাণ করেছি। পুলিশ যখন কোনো প্রভাবশালী অপরাধীর বিষয়ে জানতে চায়, তখন আমার স্পষ্ট নির্দেশ থাকে—অপরাধী কে, তা বিবেচনা না করে আইনের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’

সরকারি সহায়তা ও ত্রাণ বিতরণে স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে ড. এম এ মুহিত বলেন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক কর্মীরা এলাকার মানুষের পরিচিত হওয়ায় তালিকা তৈরিতে প্রশাসনকে সহযোগিতা করবেন। তবে বিতরণের মূল দায়িত্ব থাকবে সরকারি কর্মকর্তাদের ওপর, যাতে প্রকৃত প্রাপ্য ব্যক্তিরাই সহায়তা পান।

তিনি বলেন, ‘সরকারের সব সহায়তা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় দেওয়া হয়। তাই তা সঠিক মানুষের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে।’ রাজনৈতিক নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘রাজনীতি মানুষের সেবার জন্য, মানুষকে বিরক্ত করা বা সমস্যা তৈরির জন্য নয়।’

শাহজাদপুর পৌরসভার ডাস্টবিন ও ওয়াশরুম নির্মাণ উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আস্থা রেখে তাকে মন্ত্রিসভায় দায়িত্ব দিয়েছেন। বর্তমানে তিনি সারাদেশের স্বাস্থ্য ব্যবস্থা দেখার পাশাপাশি নিজের নির্বাচনী এলাকার সমস্যাগুলো সমাধানে কাজ করছেন। তিনি বলেন, শাহজাদপুরের অন্যতম বড় সমস্যা মাদকের বিস্তার। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দল-মত ও রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। তরুণ সমাজকে রক্ষা করতে মাদক ও কিশোর গ্যাং নির্মূল করা জরুরি। শাহজাদপুরের যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন সড়কগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ হয়নি। ইতোমধ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সংস্কার কাজ শুরু হয়েছে এবং দ্রুত সব ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শাহজাদপুরে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে সরকারি খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে।

বিকেলে জামিরতা জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় ও জামিরতা ডিগ্রি কলেজে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আত্মবিশ্বাস থাকলে জীবনে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব। তিনি বলেন, ‘পাইলট, সেনা কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী বা আইনজীবী—যেকোনো স্বপ্ন পূরণ করা সম্ভব, শুধু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে।’ সফলতার সংজ্ঞা তুলে ধরে তিনি বলেন, শুধু বড় পেশায় যাওয়া নয়, একজন ভালো মানুষ হওয়া, বাবা-মায়ের যত্ন নেওয়া এবং সুন্দরভাবে পরিবার গড়ে তোলাও জীবনের বড় অর্জন।

অন্যায়ের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। আর সম্ভব না হলে অন্যায়ের সঙ্গে নিজেকে যুক্ত করা যাবে না। দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পুরো দেশকে নিজের ঘর মনে করে দায়িত্বশীল আচরণ করলে সমাজ ও পরিবেশ আরও সুন্দর হবে। নিজের দায়িত্বের কথা উল্লেখ করে ড. এম এ মুহিত বলেন, তরুণদের জন্য নিরাপদ পরিবেশ, ভালো শিক্ষা ও স্বপ্ন বাস্তবায়নের সুযোগ তৈরি করাই তার অন্যতম দায়িত্ব।

সফরকালে তিনি জামিরতা জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ে হাইজিন কর্নার উদ্বোধন, শিক্ষার্থীদের মধ্যে ছাতা ও গাছের চারা বিতরণ, জামিরতা ডিগ্রি কলেজের একাডেমিক ভবন সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, বই বিতরণ এবং ‘প্রফেসর ড. এম এ মতিন স্মৃতি জেলা ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন করেন। পরে সোনাতনী হাই স্কুল পরিদর্শন করে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

ভোরের আকাশ/সু.পা

মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অবস্থানে সরকার: ড. এম এ মুহিত | স্বাস্থ্য কথা