মাতৃ-শিশুস্বাস্থ্য নিয়ে যৌথ গবেষণা করবে ঢাবি ও ইএএসডি

ছবি: সংগৃহীত
মানসিক স্বাস্থ্য গবেষণার প্রসার এবং মাতৃ ও শিশুর স্বাস্থ্য নিয়ে যৌথ গবেষণার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অ্যামিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (ইএএসডি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয়।
সমঝোতা স্মারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইএএসডির সিইও ড. মো. শামিম হায়দার তালুকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইএএসডি যৌথভাবে গর্ভধারণের আগে, গর্ভাবস্থায় এবং সন্তান জন্মের পর নারীদের মানসিক স্বাস্থ্য সমস্যা শনাক্ত ও স্ক্রিনিং নিয়ে গবেষণা করবে।
এ সহযোগিতার আওতায় শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের বহির্বিভাগ ও অন্তর্বিভাগে চিকিৎসা নিতে আসা মায়েদের জন্য টেলিথেরাপিসহ বিভিন্ন মানসিক স্বাস্থ্যসেবা এবং প্রযুক্তিনির্ভর সমাধানের সম্ভাবনাও যাচাই করা হবে।
এ ছাড়া দুই প্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা, বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করবে। গবেষণায় পাওয়া তথ্য ও প্রমাণ সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে ছড়িয়ে দিতে সেমিনার, জ্ঞান বিনিময় অনুষ্ঠান ও সম্মেলন আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান গবেষণার ফলাফল পারস্পরিকভাবে বিনিময় ও প্রকাশের উদ্যোগ নেবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সহযোগিতার মাধ্যমে মানসিক স্বাস্থ্যবিষয়ক গবেষণার পরিধি বাড়ানোর পাশাপাশি মা ও শিশুর মানসিক স্বাস্থ্যসেবায় কার্যকর ও প্রযুক্তিনির্ভর সমাধান তৈরির সুযোগ সৃষ্টি হবে।
ভোরের আকাশ/সু.পা



