চিকিৎসক

মায়ের গর্ভে শিশুরা যেভাবে শ্বাস নেয়

ছবি: সংগৃহীত

মায়ের গর্ভে থাকা অবস্থায় শিশু কীভাবে শ্বাস নেয়—এ প্রশ্ন অনেকের মনেই জাগে। কারণ, জন্মের আগে প্রায় নয় মাস শিশু অ্যামনিওটিক ফ্লুইড (মাতৃগর্ভে ভ্রূণকে ঘিরে থাকা বিশেষ তরল)-এর মধ্যে থাকে। তাই অনেকের ধারণা, গর্ভেই হয়তো শিশু ফুসফুসের মাধ্যমে শ্বাস নেয়। তবে চিকিৎসাবিজ্ঞানের তথ্য বলছে, বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন।

চিকিৎসকদের মতে, মায়ের গর্ভে থাকা অবস্থায় শিশু ফুসফুস দিয়ে শ্বাস নেয় না। এ সময় শিশুর শরীরে অক্সিজেন পৌঁছে যায় প্লাসেন্টা (অমরা) ও গর্ভনালি (আম্বিলিক্যাল কর্ড)-এর মাধ্যমে। মায়ের রক্তে থাকা অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি এই পথেই শিশুর শরীরে প্রবেশ করে। একই সঙ্গে শিশুর শরীরে উৎপন্ন কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য বর্জ্য পদার্থ প্লাসেন্টা ও গর্ভনালির মাধ্যমে আবার মায়ের রক্তে ফিরে আসে।

পরে মা যখন শ্বাস ছাড়েন, তখন সেই কার্বন ডাই-অক্সাইড তার শরীর থেকে বেরিয়ে যায়। অর্থাৎ, গর্ভাবস্থায় শিশুর জন্য কার্যত মায়ের শরীরই শ্বাস-প্রশ্বাসের কাজ সম্পন্ন করে।

এ সময় শিশুর ফুসফুস বাতাসে নয়, অ্যামনিওটিক ফ্লুইডে পূর্ণ থাকে। তাই জন্মের আগে ফুসফুস দিয়ে বাতাস টেনে শ্বাস নেওয়ার প্রয়োজন হয় না।

তবে চিকিৎসাবিজ্ঞানের মতে, গর্ভাবস্থার প্রায় ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে শিশুর ফুসফুস শ্বাস নেওয়ার অনুশীলন শুরু করে। যদিও তখন বাতাস নয়, অ্যামনিওটিক ফ্লুইডই ফুসফুসের ভেতরে প্রবেশ করে এবং বেরিয়ে আসে। এই অনুশীলনের মাধ্যমে ফুসফুস, শ্বাস-প্রশ্বাসের পেশি ও ডায়াফ্রামের স্বাভাবিক বিকাশ ঘটে, যা জন্মের পর শিশুর প্রথম শ্বাস নেওয়ার জন্য তাকে প্রস্তুত করে।

জন্মের পর প্রথম কান্নার সঙ্গে সঙ্গেই শিশুর ফুসফুসে বাতাস প্রবেশ করে এবং স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস শুরু হয়। তখনই সে স্বাধীনভাবে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করতে সক্ষম হয়।

ভোরের আকাশ/সু.পা

মায়ের গর্ভে শিশুরা যেভাবে শ্বাস নেয় | স্বাস্থ্য কথা