পরামর্শ

মুখের ঘা বাড়ায় যে পাঁচ ধরনের খাবার : প্রতিরোধে করণীয়

ছবি: সংগৃহীত

মুখের ঘা বা ক্যানকার সোর একটি সাধারণ কিন্তু বেশ অস্বস্তিকর সমস্যা। গালের ভেতর, ঠোঁট কিংবা জিহ্বায় ছোট ও যন্ত্রণাদায়ক ক্ষত হিসেবে এটি দেখা দেয়। মানসিক চাপ, হরমোনের পরিবর্তন এবং পুষ্টির ঘাটতি মুখের ঘার পরিচিত কারণ হলেও খাদ্যাভ্যাসও এ সমস্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, কিছু খাবার সরাসরি মুখের ঘা সৃষ্টি করতে পারে, আবার কিছু খাবার বিদ্যমান ঘাকে আরও বেশি যন্ত্রণাদায়ক করে তুলতে পারে। তাই মুখের ঘা বারবার হলে খাদ্যাভ্যাসের দিকেও নজর দেওয়া প্রয়োজন।

একটি গবেষণায় দেখা গেছে, নিয়মিত ফল খাওয়া এবং পর্যাপ্ত পানি পান করলে মুখের ঘা পুনরায় হওয়ার ঝুঁকি কমতে পারে। ফলে থাকা ভিটামিন সি, ফোলেট এবং পানিতে থাকা বিভিন্ন খনিজ উপাদান মুখের ভেতরের আবরণকে সুরক্ষা দিতে সাহায্য করে।

অ্যালার্জি সৃষ্টি করতে পারে এমন খাবার : কিছু মানুষের ক্ষেত্রে নির্দিষ্ট খাবার মুখের ঘার কারণ হতে পারে। যেমন—চকোলেট, কফি, স্ট্রবেরি বা কিছু ধরনের বাদাম। তবে এ ধরনের সংবেদনশীলতা ব্যক্তি ভেদে ভিন্ন হয়। তাই কোন খাবার খাওয়ার পর সমস্যা বাড়ছে, তা খেয়াল রাখা জরুরি।

শক্ত খাবার : টোস্ট, ক্র্যাকার, বিস্কুট কিংবা শক্ত বাদামের মতো খাবার মুখের ভেতরের অংশে ক্ষুদ্র আঘাত সৃষ্টি করতে পারে। যাদের মুখের ঘা হওয়ার প্রবণতা রয়েছে, তাদের ক্ষেত্রে এসব খাবার নতুন ঘা তৈরি করতে পারে।

অম্লীয় খাবার ও পানীয় : কমলা, লেবু, জাম্বুরা, আনারস, টমেটো এবং ভিনেগারসমৃদ্ধ খাবার মুখের ঘায় জ্বালাপোড়া বাড়াতে পারে। এসব খাবার ক্ষত নিরাময়ের প্রক্রিয়াও ধীর করে দেয়।

ঝাল খাবার : অতিরিক্ত ঝাল ও মসলাযুক্ত খাবার মুখের সংবেদনশীল টিস্যুতে জ্বালা সৃষ্টি করে। মরিচ, হট সস ও অতিরিক্ত মশলাদার খাবার বিদ্যমান ঘার ব্যথা বাড়িয়ে দিতে পারে এবং নতুন ঘা হওয়ার ঝুঁকিও তৈরি করতে পারে।

লবণাক্ত ও প্রক্রিয়াজাত খাবার : চিপস, চানাচুরসহ অতিরিক্ত লবণযুক্ত প্রক্রিয়াজাত খাবার মুখের শ্লৈষ্মিক ঝিল্লিতে প্রদাহ সৃষ্টি করতে পারে। ফলে ঘা আরও বেশি সংবেদনশীল ও বেদনাদায়ক হয়ে ওঠে।

মুখের ঘা কমাতে যা করবেন

  • প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন।
  • ফলমূল ও শাকসবজি বেশি খান।
  • ঝাল, টক ও অতিরিক্ত লবণযুক্ত খাবার এড়িয়ে চলুন।
  • মুখের পরিচ্ছন্নতা বজায় রাখুন।
  • বারবার ঘা হলে বা দীর্ঘদিন না সারলে চিকিৎসকের পরামর্শ নিন।

ভোরের আকাশ/সু.পা

মুখের ঘা বাড়ায় যে পাঁচ ধরনের খাবার : প্রতিরোধে করণীয় | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ