অব্যবহৃত হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট দ্রুত চালুর নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ছবি: সংগৃহীত
উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে স্বাস্থ্য ব্যবস্থাপকদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে সাভারে অবস্থিত হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নবনির্মিত ভবন চার বছর ধরে অব্যবহৃত থাকায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত এটি চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাভারে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
ড. এম এ মুহিত বলেন, সরকার দেশের ৫০০টি উপজেলায় ১৫০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না। সঠিক ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাবেন না। এ কারণে তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে যুক্ত চিকিৎসকদের ধাপে ধাপে আধুনিক ‘হেলথ ম্যানেজমেন্ট’ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, ২০২২ সালে জনগণের অর্থে দৃষ্টিনন্দন ভবনগুলো নির্মাণ করা হয়েছে। কিন্তু চার বছর পেরিয়ে গেলেও সেগুলো কোনো কাজে ব্যবহার করা হচ্ছে না। সেখানে দুর্নীতি, অব্যবস্থাপনা ও অবহেলার স্পষ্ট ছাপ দেখা গেছে। সরেজমিনে বিষয়টি পরিদর্শন করেছেন জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট শুধু স্থানীয় পর্যায়ের জন্য নয়, এটি সারা দেশের সরকারি স্বাস্থ্যব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের ৬৪ জেলার সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসকেরা এখান থেকে প্রশিক্ষণ পাবেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়িয়ে একটি ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।
ভোরের আকাশ/সু.পা



