স্বাস্থ্য প্রশাসন

ওষুধের দাম বৃদ্ধিতে নীতিমালা প্রয়োজন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে সোমবার (১১ মে) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘স্বাস্থ্য খাতের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এক সভার আয়োজন করা হয়।

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত দেশের ওষুধ শিল্পের টেকসই উন্নয়ন এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম নিশ্চিত করতে ওষুধ মালিক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিল্পের স্বার্থ রক্ষা করা যেমন জরুরি, তেমনি যখন-তখন ওষুধের দাম বাড়িয়ে জনগণ ও সরকারকে বিপদে ফেলা যাবে না।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মাত্র দুই-আড়াই মাস হলো দীর্ঘ প্রতীক্ষা এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠন করেছি। দায়িত্ব নেওয়ার পর আমরা দেখেছি স্বাস্থ্য খাতের সব জায়গায় একটি ভগ্নদশা বিরাজ করছে।’

ড. এম এ মুহিত দেশের হাসপাতালগুলোর বেহাল চিত্র তুলে ধরে বলেন, ‘‘বিগত বছরগুলোতে অনেক হাসপাতালের ন্যূনতম মেইনটেন্যান্স হয়নি। কোথাও বিল্ডিং আছে তো যন্ত্রপাতি নেই, কোথাও আবার ওষুধের সংকট। এই বিশাল চ্যালেঞ্জের মধ্যেই আমাদের কাজ করতে হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতি, যা আমাদের জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।”

ভারসাম্যপূর্ণ ওষুধের দাম নির্ধারণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ওষুধ কোম্পানিগুলো যেহেতু ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের মুনাফার প্রয়োজন আছে। কিন্তু  কোনও নীতিমালা ছাড়াই যখন খুশি ওষুধের দাম বাড়িয়ে ফেলা হয় আমরা সেটা চাই না। আমাদের মূল লক্ষ্য হলো- এমন একটি ভারসাম্য বজায় রাখা, যাতে জনগণ এবং সরকার কোনোভাবেই বিপদে না পড়ে।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি গণতান্ত্রিক সরকার, জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। আমরা চাই দেশের জনগণকে ন্যূনতম স্বাস্থ্যসেবা ও জীবনরক্ষাকারী ওষুধ নিশ্চিত করতে। মানুষের সমস্যাগুলো আমরা বুঝি এবং সেগুলো দ্রুত ফয়সালা করতে চাই। আমরা সম্মিলিতভাবে সকল সমস্যা সমাধান করি, যাতে দেশের জনগণ, ইন্ডাস্ট্রি ও সরকার কেউই ক্ষতিগ্রস্ত না হয়।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল এটিএম ইসলামসহ বেসরকারি স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রতিনিধি, ওষুধ শিল্পের কর্ণধার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

ওষুধের দাম বৃদ্ধিতে নীতিমালা প্রয়োজন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | স্বাস্থ্য কথা