শিশুদের রাতকানা রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার

ছবি: সংগৃহীত
জেরোপথ্যালমিয়া (Xerophthalmia) হলো ভিটামিন ‘এ’-এর অভাবজনিত একটি চোখের রোগ। এই রোগের মোট আট থেকে নয়টি ধাপ রয়েছে। রোগটি ধীরে ধীরে অগ্রসর হয়ে শেষ পর্যায়ে পৌঁছালে চোখের কর্নিয়া সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, ফলে আক্রান্ত ব্যক্তি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন।
চিকিৎসকদের মতে, জেরোপথ্যালমিয়ার প্রাথমিক লক্ষণই হলো রাতকানা রোগ। অর্থাৎ, কম আলো বা রাতে ঠিকমতো দেখতে না পারাই এ রোগের প্রথম পর্যায়ের উপসর্গ।
বাংলাদেশের প্রেক্ষাপটে ভিটামিন ‘এ’-এর অভাবে শিশুরাই সবচেয়ে বেশি রাতকানা রোগে আক্রান্ত হয়। বিশেষ করে ছয় বছর বা তার কম বয়সী শিশুদের মধ্যে এ রোগের প্রবণতা তুলনামূলক বেশি দেখা যায়। তাই শিশুদের খাদ্যতালিকায় পর্যাপ্ত ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার নিশ্চিত করা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ‘এ’ সাপ্লিমেন্ট গ্রহণ করা জরুরি।
রাতকানা হওয়ার কারণ
১. বাড়ন্ত বয়সের শিশুদের অতিরিক্ত খাদ্যের চাহিদা পূরণ না হলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
২. বাচ্চা অল্প ওজনের জন্ম হলে অর্থাৎ অপুষ্টিতে ভোগা শিশুরা এই রোগে আক্রান্ত বেশি হয়।
৩. শরীরে ভিটামিন এ এর অভাব।
৪. নিউমোনিয়া, ডায়রিয়া ইত্যাদি রোগ হলে।
রাতকানা রোগের লক্ষণ
১. পরে চোখ শুষ্ক অনুভূত হয়।
২. প্রাথমিক পর্যায়ে ভোরের ও সন্ধ্যার অল্প আলোতে দেখতে অসুবিধে হয়।
৩. চোখে ছোট ছোট ছাই রঙের দাগ দেখা দেয়।
৪. অনেক সময় কর্নিয়ায় ফোঁড়ার মতো দেখা দেয়।
৫. চোখের কর্নিয়াতে ঘা হয়ে কর্নিয়া ঘোলাটে হয়ে যায়।
রাতকানা প্রতিরোধে করনীয়
১. সন্তানকে জন্মের প্রথম পাঁচ সপ্তাহ মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। সম্ভব হলে দুই বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়াতে হবে।
২. নয় মাস বয়সে শিশুকে হামের টিকার সঙ্গে একটি নীল রঙয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।
৩. মায়ের দুধে প্রচুর পরিমাণ ভিটামিন-এ থাকে। তাই জন্মের পর শিশুকে মায়ের শালদুধ খাওয়াতে হবে।
৪. ছোটবেলা থেকে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে।
৫. শিশুকে কোনভাবে অপুষ্টিতে ভুগতে দেওয়া যাবেনা।
৬. বাচ্চা হাম, ডায়রিয়া, নিউমোনিয়া ইত্যাদি রোগে আক্রান্ত হলে দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে।
৭. ১২-৫৯ মাস বয়সী শিশুকে বছরে দু’বার ছয় মাস অন্তর অন্তর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বা জাতীয় টিকা দিবসের সময় একটি লাল রঙয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।
ভোরের আকাশ/সু.পা



