স্বাস্থ্যখাতে নতুন ৫ হাজার ৩৬৯ পদ বাড়ানোর প্রস্তাব যাচ্ছে জনপ্রশাসনে

ছবি: সংগৃহীত
দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের জনবল সংকট ও বাড়তে থাকা রোগীর চাপ মোকাবিলায় বড় উদ্যোগ নিয়েছে সরকার। নবসৃষ্ট ও শয্যাসংখ্যা বৃদ্ধি পাওয়া হাসপাতালগুলোর কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য রাজস্বখাতে প্রায় ৫ হাজার ৩৬৯টি নতুন পদ সৃষ্টির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের জনবল চাহিদা পর্যালোচনা শেষে প্রয়োজনীয় পদ সৃষ্টির প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।
যেসব প্রতিষ্ঠানে নতুন পদ : সভার সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম), সাভারের জন্য ৮৩টি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ২ হাজার ৪৮টি, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের জন্য ১২টি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ১ হাজার ৪৪৭টি এবং যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জন্য ২৩৮টি পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এছাড়া ৩৭টি মেডিকেল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগে নতুন পদ সৃষ্টির সংশোধিত প্রস্তাবও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
বিআইএইচএমে বাড়ছে জনবল : সভায় জানানো হয়, সাভারে নবনির্মিত বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠছে। বিদ্যমান ১৪৬টি পদের পাশাপাশি আরও ৮৩টি পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যাতে প্রতিষ্ঠানটির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে পরিচালনা করা যায়।
সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর চাপ সামলাতে নতুন পদ : শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ৮৫০ থেকে বাড়িয়ে ১ হাজার ৩৫০ করা হলেও প্রয়োজনীয় জনবল বাড়ানো হয়নি। বর্তমানে হাসপাতালটিতে শয্যা ব্যবহারের হার ১৫০ থেকে ১৬০ শতাংশ। প্রতিদিন বহির্বিভাগে ৪ থেকে ৫ হাজার এবং জরুরি বিভাগে ৩০০ থেকে ৪০০ রোগী চিকিৎসাসেবা নেন। এ বাস্তবতায় ২ হাজার ৭১১টি পদের প্রস্তাবের মধ্যে প্রয়োজনীয় বিবেচনায় ২ হাজার ৪৮টি পদ সৃষ্টির সুপারিশ করা হয়েছে।
স্বাস্থ্য অর্থনীতি ইউনিটেও নতুন পদ : উন্নয়ন প্রকল্প শেষ হওয়ায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের কার্যক্রম সচল রাখতে রাজস্বখাতে নতুন পদ সৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পর্যালোচনা শেষে ১২টি পদ সৃষ্টির সংশোধিত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
চমেকে বাড়ছে জনবল : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় ৩ হাজার বহির্বিভাগ ও সাড়ে ৩ হাজারের কাছাকাছি ভর্তি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। রোগীর চাপ বাড়ায় হাসপাতালটির শয্যাসংখ্যা ২ হাজার ২০০-তে উন্নীত করা হয়েছে। এ কারণে অতিরিক্ত ১ হাজার ৪৪৭টি পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
ক্রিটিক্যাল কেয়ার বিভাগে নতুন নিয়োগের পরিকল্পনা : দেশের ৩৭টি মেডিকেল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ চালু ও শক্তিশালী করতে নতুন পদ সৃষ্টির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে জুনিয়র ও সিনিয়র কনসালটেন্ট পদ অন্তর্ভুক্ত করে যৌক্তিকতা সংবলিত সংশোধিত প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তরকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) পূর্ণাঙ্গভাবে চালুর জন্য ২৩৮টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব পর্যালোচনা করা হয়েছে। আউটসোর্সিংভুক্ত পদ বাদ দিয়ে প্রয়োজনীয় চিকিৎসক ও অন্যান্য জনবলের পদ সৃষ্টির সংশোধিত প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
শূন্যপদের সংকটে স্বাস্থ্যখাত : স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের স্বাস্থ্যখাতে অনুমোদিত পদের প্রায় ২৮ দশমিক ৬ শতাংশ বর্তমানে শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরে ৪৮ হাজার ৫২টি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৬ হাজার ৯২১টি এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে ৫ হাজার ৩৩৩টি পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। সব মিলিয়ে স্বাস্থ্যখাতে শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৭৬৫টি।
সরকারের প্রত্যাশা : স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদ সৃষ্টির প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন পদ সৃষ্টি হলে জনবল সংকট কিছুটা কমবে এবং হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মান ও সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
ভোরের আকাশ/সু.পা



