স্বাস্থ্য প্রশাসন

টিকা না পাওয়া শিশুদের খুঁজতে মাইকিংয়ের উদ্যোগ : স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

অধিকাংশ জেলায় ১০০ থেকে ১০৪ শতাংশ পর্যন্ত হামের টিকা কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, যারা এখনো টিকা গ্রহণ করেনি, তাদের খুঁজে বের করতে মাইকিংসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তাদের টিকাদানের আওতায় আনা হচ্ছে।

রোববার (১৭ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘হাম ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা ও প্রতিরোধই সর্বোত্তম পন্থা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হলো পুষ্টির অভাব। অনেক মায়ের শরীরেই প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান, হাসপাতালে গিয়ে তিনি লক্ষ্য করেছেন, হামে আক্রান্ত শিশুদের অনেক মায়ের মধ্যেই অপুষ্টি রয়েছে এবং তারা পর্যাপ্ত ব্রেস্টফিডিং করাচ্ছেন না।

তিনি আরও বলেন, শিশু জন্মের পর প্রথম ৯ মাস মায়ের দুধ থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা পায়। কিন্তু নিয়মিত বুকের দুধ না পেলে শিশু অপুষ্টিতে ভোগে এবং এতে নিউমোনিয়ার ঝুঁকি বেড়ে যায়, যা অনেক ক্ষেত্রে শিশুমৃত্যুর কারণও হয়।

আইসোলেশন প্রসঙ্গে মন্ত্রী বলেন, হামে আক্রান্ত শিশুদের শরীরে র‌্যাশ দেখা দেওয়ার চার দিন আগ থেকেই ভাইরাস অন্যদের মধ্যে ছড়াতে পারে। একজন আক্রান্ত শিশু সর্বোচ্চ ১৮ জনকে সংক্রমিত করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বর্তমানে শিশুদের আলাদা ও নিরাপদে রাখার প্রয়োজন রয়েছে এবং হাসপাতালগুলোকে হামে আক্রান্ত রোগীদের আইসোলেশনে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. মো. আবুল কেনান। আরও বক্তব্য রাখেন ড্যাবের সাবেক মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ অন্যান্য চিকিৎসকরা।

ভোরের আকাশ/সু.পা

টিকা না পাওয়া শিশুদের খুঁজতে মাইকিংয়ের উদ্যোগ : স্বাস্থ্যমন্ত্রী | স্বাস্থ্য কথা