পরামর্শ

ত্বকের সৌন্দর্যে বড় বাধা ব্রণ, ব্রণ কেন হয় এবং করণীয়

ছবি: সংগৃহীত

মুখমণ্ডল মানুষের সৌন্দর্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তবে কিশোর-কিশোরী থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক—অনেকেই ব্রণের সমস্যায় ভোগেন। এটি সাধারণ ত্বকের সমস্যা হলেও অবহেলা করলে সংক্রমণ, দাগ এবং অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, হরমোনের পরিবর্তন, অতিরিক্ত স্টেরয়েড বা জিমের সাপ্লিমেন্ট গ্রহণ, মানসিক চাপ, বংশগত কারণসহ বিভিন্ন কারণে ব্রণ হতে পারে।

ব্রণ কী?
ব্রণ বা অ্যাকনি হলো ত্বকের একটি সাধারণ সমস্যা, যা মূলত ত্বকের তেলগ্রন্থির অতিরিক্ত সক্রিয়তার কারণে হয়। শরীরের প্রায় সব জায়গাতেই তেলগ্রন্থি রয়েছে, তবে হাতের তালু ও পায়ের তলায় এটি থাকে না। যখন তেলগ্রন্থি অতিরিক্ত তেল উৎপাদন করে এবং ত্বকের রোমকূপ বন্ধ হয়ে যায়, তখন ব্রণ সৃষ্টি হয়।

কেন হয় ব্রণ?

বিশেষজ্ঞদের মতে, কয়েকটি কারণে ব্রণের ঝুঁকি বেড়ে যায়—
বয়ঃসন্ধিকাল: এ সময় শরীরে হরমোনের পরিবর্তন, বিশেষ করে অ্যান্ড্রোজেন হরমোনের মাত্রা বেড়ে যাওয়ায় ব্রণ দেখা দেয়।
পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস): নারীদের হরমোনের ভারসাম্যহীনতার কারণে ব্রণ হতে পারে।
মেনোপজ-পরবর্তী সময়: কিছু নারীর ক্ষেত্রে মেনোপজের পরও হরমোনের পরিবর্তনের কারণে ব্রণ দেখা দিতে পারে।
স্টেরয়েড ও সাপ্লিমেন্ট: জিমে অতিরিক্ত স্টেরয়েড বা কিছু সাপ্লিমেন্ট গ্রহণ করলে তেলগ্রন্থির কার্যক্রম বেড়ে গিয়ে ব্রণের ঝুঁকি বাড়ে।

ব্রণের ধরন : ব্রণ সাধারণত তিন ধরনের হয়ে থাকে-

মাইল্ড ব্রণ: ব্ল্যাকহেড বা হোয়াইটহেডের মতো ছোট ছোট দানা দেখা যায়।
মডারেট ব্রণ: ত্বকে ছোট লালচে গুটি বা প্যাপিউল তৈরি হয়।
সিভিয়ার ব্রণ: এটি তুলনামূলক গুরুতর। ত্বকের গভীরে বড় সিস্ট বা শক্ত গুটি তৈরি হয়, যা পরবর্তীতে স্থায়ী দাগের কারণ হতে পারে।

চিকিৎসা ও পরিচর্যা
ব্রণের চিকিৎসা নির্ভর করে এর তীব্রতার ওপর। তবে সঠিক ত্বক পরিচর্যার মাধ্যমে অনেক ক্ষেত্রেই ব্রণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশেষজ্ঞরা প্রতিদিন উপযোগী ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার রাখা, ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার এবং বাইরে বের হওয়ার আগে নিয়মিত সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন। পাশাপাশি ব্রণ খোঁটাখুঁটি না করা এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বা ক্রিম ব্যবহার না করাই ভালো।

বিশেষজ্ঞের পরামর্শ
ব্রণ দীর্ঘদিন স্থায়ী হলে বা তীব্র আকার ধারণ করলে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। সময়মতো চিকিৎসা এবং নিয়মিত স্কিন কেয়ার রুটিন অনুসরণ করলে ব্রণ নিয়ন্ত্রণের পাশাপাশি স্থায়ী দাগ ও সংক্রমণের ঝুঁকিও অনেকাংশে কমানো সম্ভব।

ভোরের আকাশ/সু.পা

ত্বকের সৌন্দর্যে বড় বাধা ব্রণ, ব্রণ কেন হয় এবং করণীয় | স্বাস্থ্য কথা