উচ্চ রক্তচাপ নীরব ঘাতক এর প্রাথমিক লক্ষণ

ছবি: সংগৃহীত
উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন এমন একটি স্বাস্থ্য সমস্যা, যা অনেক সময় কোনো উপসর্গ ছাড়াই শরীরে নীরবে ক্ষতি করতে থাকে। আক্রান্ত ব্যক্তি সাধারণ জীবনযাপন করলেও ভেতরে ভেতরে হৃদ্যন্ত্র অতিরিক্ত চাপ নিয়ে কাজ করে এবং রক্তনালীগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। অনেক ক্ষেত্রে হঠাৎ স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো জটিলতার মাধ্যমে রোগটি ধরা পড়ে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুযায়ী, বিশ্বে প্রায় ১.২৮ বিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। অর্থাৎ প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের একজন এই সমস্যায় আক্রান্ত। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এর প্রকোপ দ্রুত বাড়ছে। হৃদ্রোগজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে উচ্চ রক্তচাপকে ধরা হয়, যা প্রতি বছর প্রায় এক কোটি মৃত্যুর সঙ্গে সম্পর্কিত।
অসচেতনই ঝুঁকির কারণ
বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে বড় সমস্যা হলো—আক্রান্তদের একটি বড় অংশ জানেই না যে তারা উচ্চ রক্তচাপে ভুগছেন। পরিসংখ্যান বলছে, মাত্র ৪২ শতাংশ মানুষ তাদের অবস্থার বিষয়ে সচেতন। ফলে অনেকেই চিকিৎসা ছাড়াই দীর্ঘদিন ঝুঁকির মধ্যে থাকছেন।
তবে ভালো দিক হলো, উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। নিয়মিত ব্যায়াম, কম লবণ গ্রহণ, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ সেবনের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়।
যে লক্ষণগুলো অবহেলা করা যাবে না
সকালের মাথাব্যথা: ঘুম থেকে ওঠার পর মাথার পেছনে তীব্র ব্যথা অনুভূত হলে তা উচ্চ রক্তচাপের ইঙ্গিত হতে পারে। অনেকেই এটিকে সাধারণ ক্লান্তি ভেবে এড়িয়ে যান।
অস্বাভাবিক ক্লান্তি: পর্যাপ্ত বিশ্রামের পরও সারাক্ষণ ক্লান্ত লাগা একটি সতর্ক সংকেত হতে পারে। হৃদ্যন্ত্রের ওপর অতিরিক্ত চাপের কারণে এমনটা হয়।
শ্বাসকষ্ট: অল্প পরিশ্রমেই শ্বাস নিতে কষ্ট হলে তা হৃদ্যন্ত্র বা রক্তনালীর সমস্যার লক্ষণ হতে পারে।
নাক দিয়ে রক্ত পড়া: বারবার নাক থেকে রক্ত পড়া থাকলে সেটি উচ্চ রক্তচাপের সঙ্গে সম্পর্কিত হতে পারে এবং অবহেলা করা উচিত নয়।
ঝাপসা দেখা: উচ্চ রক্তচাপ চোখের রক্তনালীগুলোকেও প্রভাবিত করতে পারে, যার ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হতে পারে।
ঘুমের সমস্যা: অনিদ্রা, বারবার ঘুম ভেঙে যাওয়া বা অতিরিক্ত নাক ডাকার মতো সমস্যাও উচ্চ রক্তচাপের সঙ্গে সম্পর্কিত হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনই এই নীরব ঘাতক থেকে সুরক্ষিত থাকার সবচেয়ে কার্যকর উপায়।
ভোরের আকাশ/সু.পা



