রাশিয়ায় নির্বাচনের ভোটগ্রহণ শুরু, পুতিনের দলের প্রতিদ্বন্দ্বি যারা

রাশিয়ায় জাতীয় সংসদ নির্বাচনের তিন দিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে এবং এতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ‘ইউনাইটেড রাশিয়া’-এর বিরুদ্ধে প্রধানত ৯টি দল অংশ নিচ্ছে, যারা সবাই পুতিনের নীতি এবং ইউক্রেন যুদ্ধকে সমর্থন করে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (৭৩) দল ইউনাইটেড রাশিয়া। অন্যদের মধ্যে আছে- কমিউনিস্ট পার্টি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি অব রাশিয়া, আ জাস্ট রাশিয়া ও নিউ পিপল। সবগুলো দলই পুতিনের অধিকাংশ নীতি ও ইউক্রেন যুদ্ধকে সমর্থন করে।
আরেক রাজনৈতিক দল ইয়াবলোকো পার্টিও ভোটের লড়াইয়ে ছিল। কিন্তু কয়েকদিন আগে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানানোয় দলটিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। অন্যতম প্রধান নেতা লেভ শ্লোসবার্গকে যুদ্ধের সমালোচনা করার অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে।
দেশটিতে ১১টি সময় অঞ্চল আছে। সে অনুযায়ী, সবার আগে ভোটগ্রহণ শুরু হয় প্রশান্ত মহাসাগরের দিকে অবস্থিত কামচাটকা উপদ্বীপ ও চুকোটকায়। মস্কোর ২০ বছর বয়সী বাসিন্দা অ্যাপোস্টল এএফপিকে বলেন, তিনি ইউনাইটেড রাশিয়া ছাড়া অন্য কাউকে ভোট দেওয়ার কোনো মানে দেখেন না। কারণ দলটি যেভাবেই হোক জিতবে।
ইউনাইটেড রাশিয়া ২০০০-এর দশকের শুরু থেকে রাজনীতিতে আধিপত্য ধরে রেখেছে। ভোটের আগে নাগরিকদের উদ্দেশে ভ্লাদিমির পুতিন বলেন, এই নির্বাচনের মাধ্যমে যোদ্ধাদেরকে দেখানো হবে তাদের পেছনে লাখ লাখ মানুষ আছে। যারা রাশিয়াকে দুর্বল করতে চায়, এটি তাদের প্রতি একটি জবাব হবে।
ফ্রান্সভিত্তিক রুশ রাজনৈতিক বিশেষজ্ঞ তাতিয়ানা স্তানোভায়া বলেন, পুতিন ইউরোপের বিভিন্ন দেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে নিজের রাজনৈতিক অবস্থানের তুলনা করতে পছন্দ করেন। পশ্চিমাদের দেখাতে চান, নির্বাচনের মাধ্যমে তিনি জনগণের সমর্থন পাচ্ছেন। তাই এবারের ভোট তাঁর কাছে রাজনৈতিক ও ব্যক্তিগত উভয়দিক থেকে গুরুত্বপূর্ণ।
রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের নাম ডুমা। এতে ৪৫০টি আসন আছে। আগামী রোববার ভোটগ্রহণ শেষ হবে।
ভোরের আকাশ/আ.র