ফিফার স্বীকৃতি পেল আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচ

২০২৬ বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনার খেলা তিনটি প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ বা ‘ক্লাস এ’ মর্যাদা দিয়েছে ফিফা। ফলে বিশ্বকাপ ফাইনালের পর শাস্তি পাওয়া আর্জেন্টিনার ফুটবলার ও কোচরা এসব ম্যাচে নিষেধাজ্ঞার মেয়াদ কাটাতে পারবেন।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর মাঠে সংঘর্ষে জড়ানোর ঘটনায় আর্জেন্টিনার তিন ফুটবলার ও একজন কোচকে নিষিদ্ধ করে ফিফা। লিয়ান্দ্রো পারেদেস ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনা ৭ ম্যাচ এবং থিয়াগো আলমাদা ১ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। আর কোচ লিওনেল স্কালোনির সহকারী রবার্তো আয়ালা পেয়েছেন ৩ ম্যাচের নিষেধাজ্ঞা। পাশাপাশি তাদের জরিমানাও করা হয়েছে।
ফিফার নিয়ম অনুযায়ী, নিষেধাজ্ঞার মেয়াদ শুধু অফিসিয়াল ম্যাচেই নয়, নির্দিষ্ট শর্ত পূরণ করা ‘টপ লেভেল’ প্রীতি ম্যাচেও কাটানো যায়। এই সুযোগ কাজে লাগাতেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আসন্ন তিনটি প্রীতি ম্যাচকে ‘ক্লাস এ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন করে। ফিফা সেই আবেদন অনুমোদন করেছে।
সূচি অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবায় ৭৭তম র্যাঙ্কিংধারী বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ৩ অক্টোবর ঘরের মাঠে খেলবে ৬২তম র্যাঙ্কিংধারী বুরকিনা ফাসোর বিপক্ষে। ৬ অক্টোবর শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ বেনিন, যারা বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ৯৩তম স্থানে রয়েছে।
বেনিনের বিপক্ষে ম্যাচটি বিশেষ গুরুত্বও পাচ্ছে। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কথা রয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির। ইতোমধ্যে ম্যাচটির জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছে আর্জেন্টাইন মহাতারকাকে।
কোনো প্রীতি ম্যাচকে ‘ক্লাস এ’ বা ‘টপ লেভেল’ হিসেবে স্বীকৃতি দিতে ফিফার নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। এতে দুই দলের সিনিয়র জাতীয় দলকে অংশ নিতে হয় এবং ম্যাচ পরিচালনায় ফিফার স্বীকৃত নিয়ম অনুসরণ করতে হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশনগুলোর অনুমোদনও থাকতে হয়।
ফিফার অনুমোদনের ফলে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে ম্যাচগুলোতে মাঠে নামার মাধ্যমে নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর সুযোগ পাচ্ছেন পারেদেস, মোলিনা ও আলমাদা। একইভাবে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় থাকা সহকারী কোচ আয়ালাও এসব ম্যাচের মাধ্যমে শাস্তির মেয়াদ পূরণ করতে পারবেন।
ভোরের আকাশ/জেআ