সাদমানের চোটে বড় ধাক্কা বাংলাদেশের, নেওয়া হলো হাসপাতালে

সিলেট টেস্টের দ্বিতীয় দিনেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। বাউন্ডারি সীমানায় ফিল্ডিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাঁকে। পরে নেওয়া হয়েছে হাসপাতালে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে ধারণা করা হচ্ছে, চলতি টেস্টে আর ব্যাটিংয়ে নামতে পারবেন না সাদমান। চোট গুরুতর হলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।
সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর এক ঘণ্টা পার হওয়ার আগেই ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলটি লেগ সাইডে ফ্লিক করেন আমির জাঙ্গু। বলটি বাউন্ডারির দিকে এগিয়ে গেলে সেটি আটকাতে ছুটে যান সাদমান। নিচু হয়ে বল থামানোর চেষ্টা করতেই তাঁর বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে যায়। মুহূর্তেই তীব্র ব্যথায় ছটফট করতে থাকেন এই বাঁহাতি ব্যাটার।
দ্রুত মাঠে ছুটে আসেন দলের ফিজিও। প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও সাদমানের অবস্থার উন্নতি হয়নি। একপর্যায়ে হাত দিয়ে মুখ ঢেকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাঁকে। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এই ওপেনারকে।
ড্রেসিংরুমে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর শেষ পর্যন্ত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পায়ে তীব্র ব্যথা ও ফোলা থাকায় স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না সাদমান। বসতে হচ্ছে হুইলচেয়ারে। হাসপাতালে এমআরআই পরীক্ষার পরই তাঁর চোটের প্রকৃত অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে সাদমানের চোটে চলতি টেস্টে বাংলাদেশের ব্যাটিং পরিকল্পনা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। তিনি ব্যাট করতে না পারলে দলের জন্য বড় ক্ষতি হবে। একই সঙ্গে চোটের মাত্রা বেশি হলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে যেতে পারেন এই ওপেনার।
ভোরের আকাশ/সু.পা