জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

আনন্দ-উৎসব ও নানা প্রত্যাশার মধ্য দিয়ে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করেছে ভিওডি বাংলা। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরের প্ল্যানার্স টাওয়ারে ভিওডি বাংলার প্রধান কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ভয়েস অব ডেমোক্রেসি (ভিওডি) ফ্যাসিবাদের আমল থেকেই কাজ করে আসছে। বিভিন্ন প্রতিকূলতা ও নিপীড়নের আশঙ্কা থাকলেও প্রতিষ্ঠানটি সাহসের সঙ্গে তা মোকাবিলা করেছে। অচিরেই ভিওডি বাংলা প্রথম সারির গণমাধ্যমে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ভিওডি বাংলা অনেক ঝড়ঝাপটা মোকাবিলা করে দুই বছর পার করেছে। প্রতিষ্ঠানটির কর্মীরা নির্ভয়ে কাজ করে যাচ্ছেন। তারা শুধু সরকারের প্রশংসা নয়, সমালোচনাও করেন। এটি গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার অংশ।
ভিওডি বাংলার ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল সালাম সাগরের প্রশংসা করে তিনি বলেন, তিনি একজন সম্ভাবনাময় তরুণ। তাঁর নেতৃত্বে ভিওডি বাংলা প্রথম সারির গণমাধ্যমে পরিণত হবে বলে তিনি বিশ্বাস করেন। পরে ভিওডি বাংলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ভিওডি বাংলা গণমানুষের আকাঙ্ক্ষার চ্যানেলে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, মানুষ যে ধরনের গণমাধ্যম দেখতে চায়, ভিওডি বাংলা সেই প্রত্যাশা পূরণের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ভিওডি বাংলা আগের মতোই মানুষের কণ্ঠস্বর হয়ে সরকারকে সঠিক পথ দেখাবে—এমন প্রত্যাশা করেন তিনি।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘ভয়েস অব ডেমোক্রেসি’ নামের মধ্যেই গণতন্ত্রের কথা রয়েছে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই প্রতিষ্ঠানটির সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, বিভিন্ন ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে ভিওডি বাংলা রাজপথের মানুষের কথা তুলে ধরেছে। আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের বক্তব্য ও প্রত্যাশা সবার সামনে তুলে ধরে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের অগ্রযাত্রায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, দেশের মানুষের কথা সবার আগে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে ভিওডি বাংলা। প্রযুক্তিগতভাবেও প্রতিষ্ঠানটি এগিয়ে গেছে। দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন হিসেবে আত্মপ্রকাশের প্রস্তুতি নেওয়ায় ভিওডি বাংলাকে অভিনন্দন জানান তিনি।
ভিওডি বাংলার ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল সালাম সাগর বলেন, দুই বছরের পথচলায় ডিজিটাল কনটেন্ট ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক ও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ভিওডি বাংলা। এ পথচলায় সহযোগিতা করা সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ আবু সাঈদ। পরে আমন্ত্রিত অতিথি, কলাকুশলী ও উপস্থিত সবার অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ফরহাদ হালিম ডোনার, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আবদুল করিম, জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব ড. মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি শামসুদ্দিন পারভেজ, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক রাইয়ান জহির, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমানসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২০২৪ সালের ১ সেপ্টেম্বর সত্য ও নির্ভরযোগ্য সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে ভিওডি বাংলা। দুই বছরের পথচলায় সংবাদ, তথ্য ও মানুষের গল্পকে গুরুত্ব দিয়ে পাঠক ও দর্শকদের কাছে একটি স্বতন্ত্র অবস্থান তৈরির দাবি করছে প্রতিষ্ঠানটি।
‘পথ দেখে, পথ দেখায়’ স্লোগানকে ধারণ করে ভিওডি বাংলার কার্যক্রম শুধু প্রচলিত সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ব্রেকিং নিউজ, বিশেষ প্রতিবেদন, দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কথা, সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু এবং জীবনঘনিষ্ঠ নানা গল্প তুলে ধরার পাশাপাশি যাত্রার শুরু থেকেই অনলাইনভিত্তিক টক শোসহ বিভিন্ন ধরনের কনটেন্ট প্রকাশ করে আসছে ভিওডি বাংলা মিডিয়া লিমিটেড।
ভোরের আকাশ/জেআ