রাজধানীর বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ

থানা এলাকাসহ রাজধানীর আট গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও, মহাখালী, বাবুবাজার, বঙ্গবাজার, গুলিস্তান ও মগবাজার মোড়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এর মধ্যে দুপুরে জুমার নামাজের পর মালিবাগের সোহাগ বাস কাউন্টারের সামনে দুটি, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে, সাড়ে ছয়টার দিকে মহাখালী এলাকায়, রাত আটটার দিকে বাবুবাজার ব্রিজের নিচে এবং নয়টার দিকে মগবাজার মোড়ে একটি করে ককটেল বিস্ফোরণ হয়। আগারগাঁও ছাড়া বাকি স্থানগুলোতে উড়ালসড়কের ওপর থেকে নিচে ককটেল ছোড়া হয়েছে বলে মনে করছে পুলিশ।
ককটেল বিস্ফোরণের ঘটনায় যাত্রাবাড়ীতে এক রিকশাচালক আহত হয়েছেন। তবে এসব ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনেও একাধিক বিস্ফোরণ ঘটানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের সামনে প্রথমে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
পরে সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ও আগারগাঁওয়ে পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটে। মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়।
সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। এতে এক রিকশাচালক আহত হন।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই মো. হাসানুর গণমাধ্যমকে জানান, থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে।
পরে রাত ৯টা ১০ মিনিটের দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া বাবুবাজার, বঙ্গবাজার ও গুলিস্তান এলাকাতেও ককটেল বিস্ফোরণ হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাগুলোর প্রকৃত কারণ ও কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ভোরের আকাশ/এসএইচ