বর্জ্য দিলেই মিলবে পণ্য, বুড়িগঙ্গায় চালু হলো ভাসমান বাজার

বর্জ্যকে সম্পদে রূপান্তর ও বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করার পাশাপাশি জনগণকে বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন করতে ব্যতিক্রমী কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’ নামে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সোয়ারীঘাট লঞ্চঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচিটির উদ্বোধন করা হয়। এ সময় বুড়িগঙ্গার তীরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বর্জ্য সংগ্রহ করে ডিএসসিসির অস্থায়ী ভাসমান বাজারে জমা দেওয়ার বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য উপহার দেওয়া হয়। একটি লঞ্চকে সাজিয়ে সাময়িকভাবে এ ভাসমান বাজার তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, “বুড়িগঙ্গা নদীর ওপরই প্রাচীন ঢাকা গড়ে উঠেছিল। ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের মূল ভিত্তি ছিল এই নদী। কিন্তু অবৈধ দখল ও যত্রতত্র বর্জ্য ফেলার কারণে বুড়িগঙ্গার অস্তিত্ব আজ বিপন্ন। এই নদীকে বাঁচাতে না পারলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আজ হয়তো এক দিনে বুড়িগঙ্গার সব সমস্যার সমাধান হবে না, তবে এই কর্মসূচির মাধ্যমে আমরা নদীতীরের বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাই।”
ডিএসসিসি প্রশাসক আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীকে নৌ-চলাচলের উপযোগী করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। নদীগুলো পুনরুজ্জীবিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে টানা তিন মাসের বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ৭৫টি ওয়ার্ডে প্রতিদিন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রতি শনিবার বিশেষ অভিযান চালানো হবে। দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোথাও এডিস মশার লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত পদক্ষেপও অব্যাহত থাকবে।
বর্জ্যকে সম্পদে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বর্জ্য রিসাইক্লিং করে দ্রুত বিদ্যুৎ, গ্যাস, কম্পোস্ট সার ও ডিজেল উৎপাদনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আশা করা যায়, আগামী কয়েক মাসের মধ্যেই আমরা এর প্রাথমিক ধাপে পৌঁছাতে পারব। বর্জ্য সম্পদে পরিণত হলে তা আর যেখানে-সেখানে পড়ে থাকবে না।”
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে প্রশাসক বলেন, ৮০ শতাংশ ক্ষেত্রে মানুষের অসাবধানতার কারণেই ডেঙ্গুর প্রকোপ বাড়ে। ডাবের খোসা, এসি, ছাদ ও ড্রেনে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি না নিয়ে পরিচ্ছন্ন শহর গঠনে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এ ছাড়া ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ