জামালপুরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের মশাল মিছিল

জামালপুরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ মধ্য রাতে মশাল নিয়ে ঝটিকা মিছিল করেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টার দিকে শহরের বাইপাস রোডে মিছিলটি করে।
মিছিলে ২৫ থেকে ৩০ জন লোক মশাল হাতে জয় বাংলা স্লোগান দিয়ে বানিয়া বাজার ব্রিজ এলাকা থেকে মশাল নিয়ে একটি ঝটিকা মিছিল বের করে মিছিলটি ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলটির সামনে একটি ব্যানার দেখা যায়। সে ব্যানারে লেখা, অবৈধ ক্যাঙ্গারু কোর্ট এর ফরমায়েশি রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। আয়োজনে জামালপুর জেলা যুবলীগ। মিছিলটিতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, যুবলীগের হাতিয়ার গর্জে উঠুক আরেক বার। এসব স্লোগান দিতে শুনা যায়।
পরে রাত দেড়টার দিকে মিছিলটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিক ভাবে মিছিলে থাকা কারো পরিচয় সনাক্ত করা যায়নি।
জামালপুর জেলা ছাত্রশক্তি আহ্বায়ক আমিনুল ইহসান বলেন, জামালপুরে প্রশাসনের নাকের ডগায় এত বড় মিছিল হয়ে গেলো। কিন্তু প্রশাসন কাউকে ধরতে পারলো না বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আজ এই মিছিল হওয়ার কারণে জামালপুরের প্রশাসন নিজেদের ব্যর্থতার প্রমাণ দিলো।
তবে এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব কে ফোন করা হলে তার সাথে যোগাযোগ করা যায়নি। পরে জানা যায় তিনি তার টিম নিয়ে অভিযানে রয়েছে।
ভোরের আকাশ/ইউএম