সিংগাইরে ৯৭ শিক্ষার্থীর হাতে বৃত্তি ও সম্মাননা তুলে দিল স্বপ্নের আঙ্গিনা ফাউন্ডেশন

মানিকগঞ্জের সিংগাইরে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করতে ৯৭ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান করেছে স্বপ্নের আঙ্গিনা ফাউন্ডেশন।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সিংগাইর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
স্বপ্নের আঙ্গিনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক দেওয়ান মো. আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার পপি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমীন কবির এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. আসমা পারভীন।
অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিভা অন্বেষণ এবং অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে ২০২৪ সালে স্বপ্নের আঙ্গিনা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। সংগঠনটির উদ্যোগে এবার দ্বিতীয়বারের মতো বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বছর এসএসসি পরীক্ষায় সিংগাইর পৌর এলাকার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া ২২ জন শিক্ষার্থী এবং সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৬৭ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। পাশাপাশি পাঁচজন অসহায় ও দরিদ্র শিক্ষার্থী এবং গত বছরের তিনজন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সিংগাইর (সাস)-এর সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংকের কর্মকর্তা মজনু মিয়া, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম, সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ এবং সিংগাইর পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফুর রহমান সজল।
এ সময় ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা মিস জলি, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ প্রদান এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভোরের আকাশ/ইউএম