শেরপুর মহাসড়ক দখল করে ভাইটকান্দিতে বসছে হাট

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি সখল্যা মোড় এলাকায় শেরপুর আঞ্চলিক মহাসড়কের জায়গা দখল করে নিয়মিত কাঁচাবাজার বসানোর অভিযোগ উঠেছে। এতে ব্যস্ততম এই সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। একই সাথে এসব দোকান ও আশপাশের স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত সখল্যা মোড় এলাকায় মহাসড়কের পাশে শাক-সবজির অস্থায়ী দোকান বসান ব্যবসায়ীরা। সন্ধ্যার পর বাজারে ক্রেতাদের ভিড় বাড়লে সড়কের প্রশস্ততা সংকুচিত হয়ে পড়ে। ফলে দূরপাল্লার যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিদিন পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
ব্যবসায়ী ও স্থানীয়দের দাবি, মহাসড়কের পাশে বসা এসব অস্থায়ী দোকান থেকে প্রতিদিন দোকানভেদে ৬০ থেকে ১০০ টাকা পর্যন্ত চাঁদা তোলা হয়। শুধু তা-ই নয়, সড়কের পাশে থাকা স্থায়ী দোকানগুলোর কাছ থেকেও মাসিক ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। ক্ষেত্রবিশেষে কোনো কোনো দোকানদারের কাছ থেকে এককালীন ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক মহাসড়কটি জনসাধারণের অবাধ চলাচলের জন্য উন্মুক্ত থাকার কথা। কিন্তু দীর্ঘদিন ধরে একটি মহল সড়কের জায়গা দখল করে বাজার বসিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। দ্রুত বিষয়টি তদন্ত করে মহাসড়ক দখলমুক্ত করা এবং অবৈধ চাঁদা আদায়ের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভোরের আকাশ/ এনউব