নরসিংদীতে ২১ কেজি গাঁজাসহ ভুয়া বিজিবি সদস্য আটক

নরসিংদী মডেল থানা পুলিশ ২১ কেজি গাঁজাসহ আব্দুল্লাহ আল ফয়সাল নামে এক ভুয়া বিজিবি সদস্যকে গ্রেপ্তার করেছে। বুধবার (২২ জুলাই) বিকেলে শহরের দত্তপাড়া এলাকার পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ট্রলি ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন আব্দুল্লাহ আল ফয়সাল। বিষয়টি নজরে এলে পুলিশ তাকে থামিয়ে ব্যাগ তল্লাশি করে। এ সময় ব্যাগের ভেতর থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, আব্দুল্লাহ আল ফয়সাল পেশাদার মাদক ব্যবসায়ী। তার বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার কাউতলা গ্রামে। তিনি মিজানুর রহমানের ছেলে।
এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আব্দুল্লাহ আল ফয়সালের বিরুদ্ধে এর আগেও ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলা বিচারাধীন রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
ভোরের আকাশ/জেআ