খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এলাকায় চুরির অভিযোগে আজমল নামে এক শিক্ষাথীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টা ৩৫ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়া কয়েকজন তরুণ। তবে হাসপাতালে ভর্তির মাত্র ১০ মিনিটের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের কর্মচারীদের তথ্য অনুযায়ী, আজমলকে হাসপাতালে আনার সময় সঙ্গে থাকা ব্যক্তিরা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের চারতলা থেকে লাফ দিয়ে পড়ে তিনি আহত হয়েছেন। তবে চিকিৎসকরা আজমলের শরীরে একাধিক আঘাত ও গুরুতর জখমের চিহ্ন পেয়েছেন। এমনকি তার মাথার চুলও কেটে দেওয়া হয়েছিল। এসব আলামত থেকে ধারণা করা হচ্ছে, তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে।
এদিকে আজমলের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরপরই হাসপাতালে নিয়ে আসা খুবি শিক্ষার্থী পরিচয়ধারী ব্যক্তিরা দ্রুত সেখান থেকে সটকে পড়েন।
হাসপাতালের ভর্তি রেজিস্টার অনুযায়ী, নিহতের নাম আজমল, বাবার নাম কুতুব এবং ঠিকানা খুলনার হরিণটানা থানার গল্লামারি এলাকা।
এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ভোরের আকাশ/ইউএম