সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ

৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাতক্ষীরায় জেলা দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলিল নিবন্ধন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা এবং দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতাসহ বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন মিলনায়তনে সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক শেখ মাহাবুব উল্লাহ। সঞ্চালনা করেন সদস্য সচিব মো. নাসির উদ্দীন।
সংগঠনের নেতারা জানান, দীর্ঘদিন ধরে দলিল লেখকদের ন্যায়সংগত বিভিন্ন অধিকার ও দাবি উপেক্ষিত হয়ে আসছে। এসব দাবি আদায়ের লক্ষ্যেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে উত্থাপিত ৭ দফা দাবির মধ্যে রয়েছে—আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা এবং দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা প্রদান।
এ ছাড়া লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কোনো ব্যক্তির দলিল লেখা বা মুসাবিদা করা কিংবা দলিল রেজিস্ট্রির জন্য দাখিল করতে না পারার বিষয়ে প্রজ্ঞাপন জারি, উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া নতুন কোনো লাইসেন্স প্রদান না করা এবং সরকারি খরচে রেজিস্ট্রি অফিস কম্পাউন্ডে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণের দাবি জানানো হয়।
দলিল লেখা বা মুসাবিদা করার কারণে দলিল লেখকদের আসামি করে কোনো মামলা না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবিও রয়েছে তাদের ৭ দফায়।
সমাবেশে সাতক্ষীরা সদর, কলারোয়া, তালা, আশাশুনি, কালিগঞ্জ, দেবহাটা ও শ্যামনগর উপজেলার দলিল লেখকসহ সমিতির শীর্ষ নেতৃবৃন্দ ও ৭ দফা দাবি আদায় সংগ্রাম কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে জেলার সব দলিল লেখককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সমাবেশ সফল করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান আয়োজকরা।
ভোরের আকাশ/জেআ